বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকেও ২-১ ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। ম্যাচের শেষদিকে ইংল্যান্ড কোচ থমাস টুখেলের কৌশল ও বদলি খেলোয়াড় নামানো নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ইংল্যান্ড ডিফেন্ডার গ্যারি নেভিল। তার মতে, সবচেয়ে সাহসী সিদ্ধান্ত হতো অধিনায়ক হ্যারি কেইনকে মাঠ থেকে তুলে নেওয়া।
অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে থেকে ফাইনালের স্বপ্ন দেখছিল ইংল্যান্ড। কিন্তু শেষ মুহূর্তে টানা দুই গোল করে ম্যাচ ঘুরিয়ে দেয় আর্জেন্টিনা এবং স্পেনের বিপক্ষে ফাইনাল নিশ্চিত করে।
ম্যাচের শেষ বাঁশি বাজার সময় ইংল্যান্ডের একাদশে ছিলেন ছয় জন ডিফেন্ডার। টুখেলের এই রক্ষণাত্মক বদলি নিয়ে তীব্র সমালোচনা করেন নেভিল। তার মতে, লিড ধরে রাখার পাশাপাশি পাল্টা আক্রমণে গতি আনতে আরও সাহসী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল।
দ্য ওভারল্যাপ পডকাস্টে নেভিল বলেছেন, ‘আমার মতে, ১-০ গোলে এগিয়ে থাকার সময় সবচেয়ে সাহসী সিদ্ধান্ত হতো হ্যারি কেইনকে তুলে নিলে।’
তিনি আরও বলেছেন, ‘আমি আগেও বলেছিলাম, কাউন্টার অ্যাটাকে যদি গতি চান, তাহলে জুড বেলিংহাম ও হ্যারি কেইন—দুজনের একজন বা দুজনকেই তুলে নিয়ে মার্কাস রাশফোর্ড ও মরগান রজার্সের মতো গতিময় খেলোয়াড়দের নামানো উচিত ছিল।’
নেভিলের মতে, টুর্নামেন্টজুড়ে তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষে এগিয়ে গেলেও শক্তিশালী দলের বিপক্ষে ইংল্যান্ডের দুর্বলতা স্পষ্ট হয়ে ধরা পড়েছে। তার ভাষায়, ‘টুর্নামেন্ট শুরুর আগেই আমরা বলেছিলাম, ইংল্যান্ড যখন এমন কোনও দলের বিপক্ষে খেলবে, যারা কঠিন মুহূর্তে বলের দখল ধরে রাখতে পারে, তখন তারা সমস্যায় পড়বে।’