‘বিশ্ব ফুটবলের ইতিহাসে আর্জেন্টিনাই সবচেয়ে নোংরা ফুটবল খেলা দল’ 

২০২৬ বিশ্বকাপ ফাইনালের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বাংলাদেশ সময় আগামী সোমবার রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান পরাশক্তি স্পেন। তবে এই মহাযুদ্ধের মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরে শুরু হয়ে গেছে তীব্র মনস্তাত্ত্বিক যুদ্ধ বা ‘কথার লড়াই’। এবার আর্জেন্টিনা দলকে ‘বিশ্বের সবচেয়ে নোংরা দল’ বলে বিতর্কিত মন্তব্য করেছেন স্পেনের প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক রবার্তো গোমেজ।

স্পেনের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘রেডিও মার্কা’-এর বহুল আলোচিত অনুষ্ঠান ‘লা ত্রিবু’-তে অংশ নিয়ে লিওনেল স্কালোনির শিষ্যদের খেলার ধরন নিয়ে তীব্র সমালোচনা করেন গোমেজ। 

আর্জেন্টিনার ফুটবলারদের আগ্রাসী ফুটবল ও ট্যাকলিংয়ের কঠোর সমালোচনা করে রবার্তো গোমেজ বলেন, “বিশ্ব ফুটবলের ইতিহাসে আর্জেন্টিনাই সবচেয়ে নোংরা ফুটবল খেলা জাতীয় দল। তাদের কিছু ফুটবলার (মাঠে) সহিংসতার কাছাকাছি চলে যায়। এটা স্পষ্টতই একটি সহিংস দল।”

সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠা আর্জেন্টিনার ওপর ফিফার সম্ভাব্য তদন্ত ও ফকল্যান্ড ব্যানার বিতর্কের রেশ কাটতে না কাটতেই স্প্যানিশ গণমাধ্যম থেকে এমন আক্রমণাত্মক মন্তব্য ফাইনালের উত্তাপকে আরও বাড়িয়ে দিয়েছে। 

আর্জেন্টিনাকে ‘সহিংস’ আখ্যা দিলেও দলটির বর্তমান দুর্দান্ত ফর্ম ও মাঠের শক্তিকে হালকাভাবে নিচ্ছেন না গোমেজ। লুইস দে লা ফুয়েন্তের স্পেনের জন্য ফাইনাল ম্যাচটি যে এক অগ্নিরীক্ষা হতে যাচ্ছে, তা স্বীকার করে তিনি বলেন, “ফাইনালে আমরা এর চেয়ে কঠিন প্রতিপক্ষ আর পেতে পারতাম না।”

আর্জেন্টিনার আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির ট্যাকটিক্সের প্রশংসা করে গোমেজ তাকে ‘অসাধারণ একজন কোচ’ হিসেবেও অভিহিত করেন।

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে নিয়ে সতর্কবার্তা দিলেও নিজের দেশ স্পেনকে নিয়েই শতভাগ আত্মবিশ্বাসী রবার্তো গোমেজ। পুরো টুর্নামেন্টে অসাধারণ ধারাবাহিকতা ধরে রাখা স্পেনই এবারের সোনালী ট্রফিটি উঁচিয়ে ধরবে বলে দাবি তার।

গোমেজ বলেন, “আমি নিশ্চিত, স্পেনই বিশ্বকাপ জিতবে। তবে সেটা করতে আমাদের ভীষণ কঠিন লড়াই করতে হবে। এবারের বিশ্বকাপের সেরা দল স্পেন। তারাই সবচেয়ে সুন্দর ও ভালো ফুটবল খেলছে।” একই সঙ্গে স্পেনের ডাগআউটের মাস্টারমাইন্ড লুইস দে লা ফুয়েন্তেকে ‘বিশ্বকাপের সেরা কোচ’ হিসেবে আখ্যায়িত করেন তিনি।