বৃষ্টি উপেক্ষা করেই বুয়েনস এইরেসে ভক্তদের ঢল

আজকের মেগা ফাইনালের ঠিক আগমুহূর্তে বুয়েনস এইরেসে তখন দুপুর, আকাশ ভেঙে নামছে বৃষ্টি। কিন্তু বৈরী আবহাওয়াও দমাতে পারেনি আর্জেন্টাইনদের উন্মাদনাকে। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার মহারণ দেখতে প্লাজা ফ্রান্সিসকো সিবেরের ফিফা ফ্যান ফেস্টিভ্যালে জড়ো হয়েছেন শত শত ফুটবলপ্রেমী।

ফ্যান ফেস্টের লাউডস্পিকারে তখন বাজছে আর্জেন্টাইন পপ গ্রুপ বান্দানা আর মিরান্দা!-র গান। নীল-সাদা রঙে নিজেদের মুখ রাঙিয়ে, জাতীয় পতাকা হাতে জায়ান্ট স্ক্রিনের সামনে জায়গা নিশ্চিত করতে সকাল সকালই ভিড় জমিয়েছেন সমর্থকেরা।

২১ বছর বয়সী ফ্রাঙ্কো পাভালো বলেন, মানুষ ভীষণ আনন্দিত। বৃষ্টি হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও সবাই এখানে একসঙ্গে জড়ো হয়েছেন; বন্ধুরা মিলে, অচেনা মানুষেরা, এমনকি বিদেশিরাও এক হয়ে গেছেন।

২০ বছর বয়সী শিন ট্রুয়ং জানান, ৩৯ বছর বয়সী লিওনেল মেসির সম্ভবত এটিই শেষ বিশ্বকাপ ম্যাচ, আর সে কারণেই এই ফাইনালের তাৎপর্য তাদের কাছে আরও অনেক বেশি। মেসির অবদান স্মরণ করে ট্রুয়ং বলেন, তিনি তো এক পৌরাণিক চরিত্র। তার কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আমরা আর চাইতেই পারি না।

সূত্র: এপি