ব্রাজিল বিশ্বকাপের সেই ঝলমলে দিনগুলো আজ শুধুই স্মৃতি। কলম্বিয়ার ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা হামেস রদ্রিগেজ এবার জাতীয় দলের জার্সি তুলে রাখার ঘোষণা দিয়েছেন। ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে মঙ্গলবার কলম্বিয়াকে বিদায় বলেছেন ৩৫ বছর বয়সী এই অধিনায়ক।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তায় আবেগ ধরে রাখতে পারেননি হামেস। চোখে পানি নিয়ে তিনি বলেন, ‘আমি শান্তি নিয়েই বিদায় নিচ্ছি, কারণ আমি জানি, আমি সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি।’
২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপেই হামেস নিজেকে এবং কলম্বিয়াকে বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রে নিয়ে আসেন। সেই আসরে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল ‘লস কাফেতেরোস’। আর হামেস ছিলেন দলের প্রাণভোমরা।
ছয় ম্যাচে ছয় গোল করে সেবারের বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হন তিনি। জেতেন গোল্ডেন বুট। দুর্দান্ত পারফরম্যান্সে রাতারাতি বিশ্ব ফুটবলের তারকা বনে যান এই মিডফিল্ডার।
এরপর ক্লাব ফুটবলে সময়টা অবশ্য সবসময় হামেসের পক্ষে যায়নি। সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক ক্লাব বদলেছেন, কিন্তু প্রত্যাশিত সাফল্য খুব একটা পাননি। তারপরও কলম্বিয়া জাতীয় দলে তার গুরুত্ব কমেনি। দুই বছর আগে কোপা আমেরিকার ফাইনালে ওঠা দলটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।
তবে এবারের বিশ্বকাপটা তার জন্য ছিল ভিন্ন অভিজ্ঞতার। কোনো গোল করতে পারেননি। বরং দলের সতীর্থ ও বায়ার্ন মিউনিখের তারকা লুইস দিয়াজের আলোতেই ঢাকা পড়ে যায় তার পারফরম্যান্স।
জাতীয় দলকে বিদায় জানানোর মাত্র এক সপ্তাহ আগে কলম্বিয়ার ক্লাব অ্যাতলেতিকো নাসিওনালে যোগ দিয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার।









