বিশ্বকাপ শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। ফাইনালে স্পেনের কাছে হারের একদিন পর নীরবতা ভেঙে মুখ খুলেছেন অধিনায়ক লিওনেল মেসি। তিনি বলেছেন, এই পরাজয়ের কষ্ট অনেক গভীর। তবে টানা দুই বিশ্বকাপের ফাইনালে ওঠাসহ দলের পুরো যাত্রা নিয়ে তিনি গর্বিত। পাশাপাশি বিশ্বকাপ জেতায় স্পেনকে অভিনন্দনও জানিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে মেসি লিখেছেন, ‘এই কষ্ট অনেক বড়, এই ক্ষত সারতে সময় লাগবে। তবে আমি ভালো দিকগুলোই মনে রাখতে চাই। যেসব ম্যাচে আমরা ঘুরে দাঁড়িয়েছি, সর্বোচ্চটা উজাড় করে দিয়েছি, সেসব মুহূর্ত চিরদিন আমাদের স্মৃতিতে থাকবে। পুরো দেশের সমর্থন, এই দলের কঠোর পরিশ্রম ও প্রচেষ্টার ফলেই আমরা আবারও বিশ্বের সেরাদের কাতারে জায়গা করে নিয়েছি। আজ হয়তো আমরা আমাদের অর্জনের মূল্য পুরোপুরি উপলব্ধি করতে পারছি না, কিন্তু এই দল টানা দুটি বিশ্বকাপের ফাইনালে খেলেছে।’
সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন মেসি। তিনি বলেন, ‘প্রত্যেকটি শুভেচ্ছা ও বার্তার জন্য অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ। আমরা আবারও পুরো দেশকে একত্রিত করতে পেরেছি, সবাই মিলে আর্জেন্টাইন হওয়ার গর্ব ভাগাভাগি করেছি। একই সঙ্গে বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন জানাই।’
২০২২ সালের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা এবারও শিরোপা ধরে রাখার লড়াইয়ে দারুণ দৃঢ়তা দেখায়। নকআউট পর্বে শেষ ষোলোতে দুই গোলে পিছিয়ে পড়েও মিসরের বিপক্ষে জয় তুলে নেয় তারা। এরপর সেমিফাইনালে শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে।
তবে লুইস দে লা ফুয়েন্তের অধীনে দুর্দান্ত ছন্দে থাকা স্পেন শেষ পর্যন্ত আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে দেয়। নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের গোলে ১-০ ব্যবধানে জিতে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। একইসঙ্গে ইউরোপীয় দল হিসেবে টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ডও গড়ে লা রোহা।