মাঠের লড়াই ছাপিয়ে এবার নিরাপত্তা শঙ্কার মুখে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড অ্যাঞ্জেল কোরেয়া। তাকে ও পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ায় মেক্সিকো ছেড়ে দেশে ফিরেছেন তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-এর প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক হুমকির ঘটনার পরই এমন সিদ্ধান্ত নিয়েছেন ৩১ বছর বয়সী এই ফুটবলার।
অথচ এই সময়ে কোরেয়াকে দলে ফেরানোর খুব কাছাকাছি ছিল আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট। সপ্তাহের শুরুতে দুই পক্ষের মধ্যে প্রাথমিক সমঝোতাও হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়। তবে শেষ মুহূর্তে মেক্সিকান ক্লাব তিগ্রেস হঠাৎ দলবদলের শর্ত পরিবর্তন করায় আলোচনা থমকে যায়।
তবু হাল ছাড়েনি রিভার প্লেট। সর্বশেষ তারা ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার মূল্যের নতুন প্রস্তাব দিয়েছে। কোরেয়াকে ছাড়তে রাজি করাতে এটি তিগ্রেসের কাছে রিভার প্লেটের পঞ্চম প্রস্তাব।
আরও পড়ুন: গার্দিওলার আগে আনচেলত্তিকে কোচ হিসেবে চেয়েছিল ইতালি
ক্লাবটির কর্মকর্তারা জানিয়েছেন, এটিই তাদের চূড়ান্ত প্রস্তাব। ২৩ জুলাইয়ের মধ্যে ইতিবাচক সাড়া না পেলে এই দলবদল ভেস্তে যেতে পারে।
এএস আরও জানিয়েছে, মাঠের বাইরের কঠিন সময়ে কোরেয়াকে একা ছেড়ে দিতে চায় না রিভার প্লেট। তবে সাম্প্রতিক পরিস্থিতির কারণে মনুমেন্টাল স্টেডিয়ামে তার ফেরার সম্ভাবনা দিন দিন কমে যাচ্ছে।
অন্যদিকে তিগ্রেসও জটিল পরিস্থিতির মুখে পড়েছে। যদি কোরেয়া ফিফার বিধি অনুযায়ী একতরফাভাবে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেন, তাহলে মেক্সিকান ক্লাবটি খেলোয়াড়ের পাশাপাশি সম্ভাব্য ট্রান্সফার ফিও হারাতে পারে। বর্তমানে কোরেয়ার সঙ্গে তিগ্রেসের চুক্তির মেয়াদ ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত।
কিন্তু ব্যক্তিগত নিরাপত্তা এখন কোরেয়ার সবচেয়ে বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। ফলে তার ভবিষ্যৎ কোন পথে এগোবে, তা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।