ইংলিশ প্রিমিয়ার লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন হামজা চৌধুরী। এবার সেই পথে আরেক বাংলাদেশি ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামের হয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছেন ১৮ বছর বয়সী এই উইঙ্গার।
শনিবার (২৫ জুলাই) নরউইচ সিটির বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিরতির পর ৪৬তম মিনিটে কেভিনের বদলি হিসেবে মাঠে নামেন ফারহান। ম্যাচটি ২-০ গোলে হারে ফুলহাম। তবে ম্যাচে ফারহানের নেওয়া একটি দূরপাল্লার বাঁকানো শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন নরউইচ গোলরক্ষক ভ্লাদান কোভাচেভিচ।
নতুন মৌসুম শুরুর আগে ফুলহামের আরও চারটি প্রস্তুতি ম্যাচ বাকি। সেগুলোতে নিজেকে প্রমাণের সুযোগ থাকবে ফারহানের সামনে। কোচ আলভারো আরবেলোয়ার নজর কাড়তে পারলে মূল দলে জায়গা পাওয়ার সম্ভাবনাও বাড়বে তার।
ফারহান ১২ বছর বয়সে চেলসি একাডেমি ছেড়ে ফুলহামে যোগ দেন। ক্লাবটির অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে সাত গোল করেছেন তিনি। এছাড়া প্রিমিয়ার লিগ ইন্টারন্যাশনাল কাপে অনূর্ধ্ব-২১ দলের হয়ে অভিষেক ম্যাচেই গোল করেন। ২০২৫ সালের নভেম্বরে তিনি প্রিমিয়ার লিগ টুয়ের মাসসেরা ফুটবলারের স্বীকৃতিও পান। গতি, ড্রিবলিং ও গোল করার সামর্থ্যের কারণে তাকে ক্লাবের সম্ভাবনাময় ফুটবলার হিসেবে দেখা হচ্ছে।
এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, বাংলাদেশের হয়ে খেলার আগ্রহের কথা ফারহান আনুষ্ঠানিকভাবে বাফুফেকে জানিয়েছেন।
ফাহাদ করিম বলেন, ‘ফারহান আমাদের অফিসিয়ালি জানিয়েছে, সে বাংলাদেশের হয়ে খেলতে চায়। এরপর থেকেই আমরা তাকে পাওয়ার আনুষ্ঠানিকতা শুরু করি। দুই সপ্তাহ আগে তার জন্মনিবন্ধন সম্পন্ন হয়েছে। এখন সে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নাগরিক। দ্রুতই পাসপোর্টের জন্য তার বায়োমেট্রিক হবে। আশা করছি, হামজার পর ইংলিশ বংশোদ্ভূত আরেক বাংলাদেশি ফুটবলারকে জাতীয় দলে পাবো।’