জয় দিয়ে লিভারপুলের নতুন যাত্রা শুরু হলেও সেই আনন্দ পুরোপুরি উপভোগ করতে পারলেন না নতুন কোচ আন্দোনি ইরাওলা। কারণ ম্যাচের শুরুতেই চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার জো গোমেজকে। ফলে প্রথম ম্যাচে জয়ের পাশাপাশি দুশ্চিন্তাও সঙ্গী হয়েছে অলরেডদের।
আরও পড়ুন: রোনালদো-পরবর্তী যুগে কোটি টাকার মার্কেটিং ঝুঁকি!
শনিবার যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে অনুষ্ঠিত প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে প্রিমিয়ার লিগের আরেক দল সান্ডারল্যান্ডকে ৪-২ গোলে হারিয়েছে লিভারপুল। এটি ছিল স্প্যানিশ কোচ আন্দোনি ইরাওলার অধীনে লিভারপুলের প্রথম ম্যাচ।
লিভারপুলের হয়ে গোল করেন কিয়েরান মরিসন, ডমিনিক সোবোসলাই, ফেদেরিকো কিয়েসা এবং লুইস কৌমাস।
তবে ম্যাচের মাত্র ১০ মিনিটের মধ্যেই চোট পেয়ে মাঠ ছাড়েন ২৯ বছর বয়সী ডিফেন্ডার জো গোমেজ। তার এই চোটই ম্যাচের সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে ওঠে।
ম্যাচ শেষে ক্লাবের ওয়েবসাইটে ইরাওলা বলেছেন, ‘এখনও অনেক কিছু ঠিক করার আছে। এটাই তো প্রথম ম্যাচ। খেলোয়াড়দের পায়ে অনুশীলনের ক্লান্তি ছিল, তাই আমরা সতেজতার কিছুটা অভাববোধ করেছি। তবে উন্নতির জন্য এটি ভালো একটি সূচনা।’
সবচেয়ে হতাশার বিষয় হিসেবে তিনি উল্লেখ করেন গোমেজের চোটের কথা, ‘আমরা খুশি ছিলাম যে অনুশীলনের পুরো সময়ে কোনো খেলোয়াড়কে হারাইনি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রথম ম্যাচেই জোকে হারাতে হলো।’
প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর আগে লিভারপুল আরও কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে। তাদের প্রতিপক্ষ রেক্সহ্যাম, লিডস ইউনাইটেড, এএস মোনাকো এবং কোমো।
নতুন মৌসুমে প্রিমিয়ার লিগে লিভারপুলের প্রথম ম্যাচ আগামী ২৩ আগস্ট। সফরে তারা মুখোমুখি হবে নিউক্যাসল ইউনাইটেডের।