পাকিস্তানের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ 

বাংলাদেশকে হারিয়ে কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে পাকিস্তান।

ইসলামাবাদে হওয়া এই প্রতিযোগিতায় বুধবার ফাইনালে ৩-০ সেটে হেরেছে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগের দেখায়ও একই ব্যবধানে জিতেছিল পাকিস্তান।

শিরোপা লড়াইয়ের প্রথম সেটে এক পর্যায়ে ৭-৭ সমতায় ছিল বাংলাদেশ। এরপর-ই ছন্দ হারায় তারা। পয়েন্ট তুলে পাকিস্তান শুরুর সেট জিতে ২৫-২০ ব্যবধানে।

দ্বিতীয় সেটেও বাংলাদেশের শুরুটা ভালো ছিল। কয়েকবার লিডও পায় তারা। এক পর্যায়ে বাংলাদেশ এগিয়ে যায় ১০-৯ পয়েন্টে। কিন্তু এই সেটেও ২৫-১৬ পয়েন্টে জিতে পাকিস্তান শিরোপার পথে এগিয়ে যায় অনেকটাই।

তৃতীয় সেটে বাংলাদেশ শেষ পর্যন্ত হেরে যায় ২৫-২০ পয়েন্টে। রানার্সআপ হওয়া বাংলাদেশ এই টুর্নামেন্ট শেষ করলো সাত ম্যাচে পাঁচ জয় ও দুই হার নিয়ে।