রোনালদোর বিয়ের অপেক্ষার অবসান? জানা গেলো নতুন তথ্য

দীর্ঘদিনের অপেক্ষা কি তবে শেষ হতে চলেছে? প্রায় এক দশকের সম্পর্ক আর বাগদানের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। যদিও তারকা এই জুটি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে ব্রিটিশ গণমাধ্যমের দাবি, ৮ আগস্ট রোনালদোর জন্মভূমি মাদেইরায় বসতে পারে বহুল প্রতীক্ষিত সেই বিয়ের আসর।

রোনালদো কিংবা জর্জিনার কেউই এখন পর্যন্ত বিয়ের তারিখ বা ভেন্যু আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি। তবে দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, মাদেইরার রাজধানী ফুনশালের ঐতিহাসিক ফুনশাল ক্যাথেড্রালে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এরপর পাঁচতারকা স্যাভয় প্যালেস হোটেলে হবে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান।

গুঞ্জন আরও জোরালো হয়েছে একটি ঘটনার পর। ওই বিলাসবহুল হোটেলের অতিথিদের জানানো হয়েছে, ব্যক্তিগত একটি অনুষ্ঠানের কারণে শুক্রবার ও শনিবার হোটেলের দুটি ফ্লোর এবং কয়েকটি বার বন্ধ থাকবে, যা বিশেষ অনুষ্ঠান আয়োজনের ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগেও পর্তুগিজ গণমাধ্যম জানিয়েছিল, ২০২৬ বিশ্বকাপের পর মাদেইরাতেই বিয়ে করার পরিকল্পনা রয়েছে রোনালদো ও জর্জিনার। তখনও সম্ভাব্য ভেন্যু হিসেবে ফুনশাল ক্যাথেড্রালের নাম উঠে এসেছিল। পাশাপাশি দ্বীপের একটি বিলাসবহুল হোটেলে বিয়ের আয়োজনের কথাও বলা হয়েছিল।

২০১৬ সালে প্রথম দেখা রোনালদো ও জর্জিনার। এরপর দ্রুতই তাদের সম্পর্ক ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত প্রেমের গল্পগুলোর একটিতে পরিণত হয়ে ওঠে। ২০২৫ সালের আগস্টে বড় একটি হীরার আংটি পরা ছবি প্রকাশ করে বাগদানের খবর নিশ্চিত করেন জর্জিনা। পরে রোনালদো জানান, বিয়ের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্তে তাদের মেয়েরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বর্তমানে পাঁচ সন্তানকে নিয়ে একসঙ্গে সংসার করছেন এই তারকা জুটি।