চিলিতে পৌঁছেই হৃদয় জয় করলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে কোটি ফুটবলপ্রেমীর হৃদয় জয় করেছিলেন তিনি। নানা জটিলতা আর দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সেই স্বপ্নের অধ্যায় শুরু হচ্ছে চিলিতে। কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা দেশটির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোতে যোগ দিয়েছেন। বিমানবন্দরে তাকে বরণ করে নিতে জড়ো হয়েছিল হাজারো সমর্থক। 

চিলিতে পৌঁছে সাংবাদিকদের ভোজিনহা বলেন, ‘এখানে এসে খুবই আনন্দিত। আমার জন্য এতদিন ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য সমর্থকদের ধন্যবাদ জানাই। মনুমেন্টাল স্টেডিয়ামে দেখা হবে।’

সান্তিয়াগোর মনুমেন্টাল স্টেডিয়ামই কোলো কোলোর ঘরের মাঠ। চিলির সবচেয়ে সফল ফুটবল ক্লাব কোলো কোলো গত ২৪ জুলাই ভোজিনহাকে দলে ভেড়ানোর ঘোষণা দেয়। তবে প্রয়োজনীয় কাগজপত্র ও ব্যক্তিগত কিছু সমস্যার কারণে তার সফর তিনবার পিছিয়ে যায়। এতে ক্লাব ও সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

অবশেষে স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে সান্তিয়াগো বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে পতাকা, ব্যানার, ঢাক-ঢোল আর স্লোগানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান বিপুল সংখ্যক সমর্থক।

বিশ্বকাপে নিজ দেশের অভিষেক ম্যাচে খেলেই বিশ্বকাপ অভিষেক করা দলের সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে ইতিহাস গড়েন ভোজিনহা। এছাড়া পরবর্তীতে চ্যাম্পিয়ন হওয়া স্পেনকে গোলশূন্য স্কোরলাইনে রুখে দিয়ে আলোচনায় আসেন তিনি।

এদিকে চিলিয়ান ফুটবল ফেডারেশন সর্বসম্মতিক্রমে নিয়ম পরিবর্তন করায় জার্সির পেছনে নিজের জনপ্রিয় ডাকনাম ভোজিনহা ব্যবহার করতে পারবেন তিনি। আগে চিলির লিগের নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের শুধু পারিবারিক নাম ব্যবহার করতে হতো।