বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির বিতর্কিত প্রস্তাব নিয়ে জল কম ঘোলা হয়নি। অবশেষে তা প্রত্যাহারের পর নিজেদের ভুল স্বীকার করে সদস্য দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছে ফিফা। তবে একই সঙ্গে সংস্থাটির নেতৃত্ব আবারও সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে।
মরক্কোর রাজধানী রাবাতে বুধবার ফিফার শীর্ষ পর্যায়ের এক বৈঠকের পর দেওয়া বিবৃতিতে জানানো হয়, প্রস্তাবটি যেভাবে উপস্থাপন ও পরিচালনা করা হয়েছিল, তা আরও ভালোভাবে করা উচিত ছিল।
এই ঘটনায় ফিফা কাউন্সিলের সদস্য ও ২১১টি সদস্য দেশের ফুটবল ফেডারেশনের কাছে আলাদা চিঠি পাঠিয়ে ভুলের জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি পুরো প্রক্রিয়া পর্যালোচনার আশ্বাসও দিয়েছে সংস্থাটি।
তবে ফিফা একই বিবৃতিতে সতর্ক করে বলেছে, প্রস্তাবটি প্রত্যাহার হয়ে যাওয়ার পরও সংস্থার সুশাসন, স্বচ্ছতা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে ‘আক্রমণ’ আর সহ্য করা হবে না। নিজেদের সুনাম রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি।
রাবাতের জরুরি বৈঠকে ইনফান্তিনোর পাশাপাশি উপস্থিত ছিলেন ফিফার মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম ও সংস্থার ব্যবস্থাপনা বোর্ডের সদস্যরা। বৈঠক শেষে তাদের বহনকারী গাড়ি ফিফার আফ্রিকা অফিস ত্যাগ করতে দেখা যায়।
গত সপ্তাহে ফিফা বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার পরিচালনার জন্য নতুন একটি প্রতিষ্ঠান গড়ে তার ২০ শতাংশ মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা বাতিল করে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে প্রায় ৪২০ কোটি মার্কিন ডলার সংগ্রহ করা সম্ভব হতো, যা বিশ্বজুড়ে ফুটবল উন্নয়নে ব্যয় করার কথা বলেছিল ফিফা।
তবে শুরু থেকেই প্রস্তাবটি তীব্র সমালোচনার মুখে পড়ায় তা আর বেশি দূর যেতে পারে নি।