প্রথমবার এএফসিতে ফর্টিস: ৮ বিদেশি নিয়ে কিরগিজ ক্লাবকে ধরাশায়ী করার পরিকল্পনা 

বসুন্ধরা কিংস অ্যারেনায় আগামী ১১ আগস্ট এএফসি চ্যালেঞ্জ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে কিরগিজস্তানের পরাশক্তি ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হতে যাচ্ছে ফর্টিস এফসি। দেশের ঘরোয়া ফুটবলে প্রতিষ্ঠার মাত্র চার বছরের মাথায় প্রথমবার আন্তর্জাতিক এই মঞ্চে খেলার সুযোগ পেয়ে রোমাঞ্চিত ফর্টিস শিবির। 

গত বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ আবাহনী লিমিটেডের এই প্রতিযোগিতায় খেলার কথা ছিল। কিন্তু ফিফার নিষেধাজ্ঞার জটিলতায় দল দুটির সুযোগ হাতছাড়া হলে তৃতীয় স্থানে থাকা ফর্টিস এফসির সামনে খুলে যায় এএফসির দুয়ার। এই অর্জনকে ‘স্বপ্নের মতো’ বলে অভিহিত করেছেন ক্লাব সভাপতি শাহীন হাসান। তিনি জানান, চার বছরের মাথায় এএফসিতে খেলা অবিশ্বাস্য মনে হলেও লড়াই করার মতো শক্তিশালী দল গঠন করেছেন তারা। 

হেড কোচ মাসুদ পারভেজ কায়সারের অধীনে গত এক মাস ধরে জোর প্রস্তুতি চালাচ্ছে ফর্টিস। এএফসি চ্যালেঞ্জ লিগে বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশনের বাধ্যবাধকতা না থাকায় ইতোমধ্যে দলে ভিড়িয়েছে আট জন মানসম্মত বিদেশি ফুটবলার। জাপানের শিয়ান কাওয়াসাকি ও ইউসেই শিমোমুরা, গাম্বিয়ার পা ওমর জোবে ও ইসা জালো, নেপালের অনন্ত তামাং ও এরিক বিষ্টা, শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা এবং নাইজেরিয়ার স্টেফান চুকউদের সঙ্গে অভিজ্ঞ দেশি ফুটবলারদের সমন্বয়ে শক্তিশালী স্কোয়াড প্রস্তুত করেছে ক্লাবটি। 

ম্যাচে প্রতিপক্ষকে বধ করতে কৌশলী পদক্ষেপ নিয়েছে ফর্টিস। ম্যাচটি দুপুরে আয়োজন করা নিয়ে কোচ কায়সার বলেন, “কিরগিজস্তানের ফুটবলাররা প্রচণ্ড গরমে অভ্যস্ত নয়। সেই আবহাওয়াগত সুবিধাটাই আমরা নিতে চাইছি।” তবে প্রতিপক্ষ মুরাস ইউনাইটেড নিয়মিত লিগ খেলার মধ্যে থাকায় ও আন্তর্জাতিক অঙ্গনে অভিজ্ঞ হওয়ায় লড়াই যে কঠিন হবে, তা স্বীকার করেছেন কোচ। 

উল্লেখ্য, গত আসরে এই মুরাস ইউনাইটেডের কাছেই ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল আবাহনী।

বসুন্ধরা কিংস অ্যারেনায় হতে যাওয়া রোমাঞ্চকর এ ম্যাচের টিকিট ১০০, ২০০, ৩০০ এবং ৫০০ টাকায় অনলাইনে কিনতে পারছেন দর্শনার্থীরা।