আলভারেজের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে নাটক

বার্সেলোনার আগ্রহ, আলভারেজের দল ছাড়ার ইচ্ছা আর অ্যাতলেতিকো মাদ্রিদের অনড় অবস্থান। সব মিলিয়ে আর্জেন্টাইন তারকার ভবিষ্যৎ নিয়ে যখন নাটক তুঙ্গে, ঠিক তখনই নতুন মোড় নিয়েছে পরিস্থিতি। লা লিগার নতুন মৌসুমের প্রথম ম্যাচেই হুলিয়ান আলভারেজকে একাদশে রাখছেন না অ্যাতলেতিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনে।

মঙ্গলবার সিমিওনে জানিয়েছেন, মালাগার বিপক্ষে অ্যাতলেতিকোর উদ্বোধনী ম্যাচে খেলবেন না ২৬ বছর বয়সী আলভারেজ। ম্যানচেস্টার সিটি থেকে ২০২৪ সালে ৭৫ মিলিয়ন ইউরোতে অ্যাতলেতিকোয় যোগ দেওয়া এই ফরোয়ার্ডকে নিয়ে এরই মধ্যে বার্সেলোনার সঙ্গে দলবদল নিয়ে টানাপোড়েন চলছে।

আলভারেজও দল ছাড়ার ইচ্ছা গোপন করেননি। বিশ্বকাপের সময় জানিয়েছিলেন, নিজের স্বপ্ন পূরণ করতে সম্ভাব্য দলবদল নিয়ে ক্লাবের সঙ্গে কথা বলেছেন। স্প্যানিশ সংবাদমাধ্যমে এর পর থেকেই বার্সেলোনার সঙ্গে তার নাম জোরালোভাবে জড়িয়েছে।

তবে অ্যাতলেতিকো তাকে ছাড়তে রাজি নয়। ক্লাবটির প্রধান নির্বাহী কর্মকর্তা মিগেল আনহেল হিল মারিন সাফ জানিয়ে দিয়েছেন, দলের গুরুত্বপূর্ণ সম্পদ আলভারেজকে ধরে রাখতে তারা ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও গ্রহণ করবে না।

বুধবারের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সিমিওনেও ক্লাবের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন। বলেছেন, ‘মিগেল আনহেলই ক্লাবের মালিক। মালিকের বক্তব্যের চেয়ে চূড়ান্ত আর কিছু নেই, বিষয়টি একেবারে পরিষ্কার। এটা অনেকটা বিচারকের রায়ের মতো।’

তবে আলভারেজকে শুধু দলবদলের গুঞ্জনের কারণে বাইরে রাখছেন না বলেও ইঙ্গিত দিয়েছেন অ্যাতলেতিকো কোচ। তার ভাষায়, ‘খেলার দিক থেকে আমরা মানুষ ও খেলোয়াড় হিসেবে তার বিষয়টি দেখতে চাই, যাতে সে নিজের সুনাম ধরে রাখতে পারে।’

সিমিওনে আরও জানান, বুধবারের ম্যাচে আলভারেজকে খেলানোর সম্ভাবনা তিনি দেখছেন না। তবে আগামী চার দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হলে রবিবার ভিয়ারিয়ালের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচে তাকে মাঠে দেখা যেতে পারে।

অ্যাতলেতিকোর হয়ে এখন পর্যন্ত ১০৬ ম্যাচে ৪৯ গোল করেছেন আলভারেজ। তাই দলের অন্যতম সেরা খেলোয়াড়কে ধরে রাখার ব্যাপারে সিমিওনের আগ্রহও স্পষ্ট, ‘আমি এখনও ঠিক সেই অবস্থানেই আছি, যেটা কয়েক দিন আগে কোরিয়ায় (অ্যাতলেতিকোর প্রাক-মৌসুম সফরের সময়) বলেছিলাম। আমি খেলার দিকটা দেখি।’

আলভারেজের সঙ্গে নিজের নিয়মিত কথাবার্তার কথাও জানান তিনি, ‘আমরা সবসময় যেভাবে কথা বলি, সেভাবেই কথা বলেছি। খেলার দিক থেকে আমার মনে হয়, রবিবারের জন্য সেরা ছন্দে পৌঁছাতে তাকে আরও একটু চেষ্টা বাড়াতে হবে।’