স্টেডিয়ামের মাঠে ছত্রাকের সংক্রমণ। আর সেই কারণেই সেল্টা ভিগোর বিপক্ষে ওসাসুনার লা লিগা ওপেনার স্থগিত করতে হয়েছে।
বৃহস্পতিবার সেল্টা ভিগোর মাঠে ছত্রাকজনিত সমস্যার বিষয়টি সামনে আসার পর রবিবারের ম্যাচটি স্থগিতের সিদ্ধান্ত নেয় লা লিগা। স্প্যানিশ ফুটবল ফেডারেশন এবং দুই ক্লাবের সম্মতিতেই ম্যাচটি পিছিয়ে দেওয়ার কথা জানানো হয়।
কিন্তু এরপরই শুরু হয় নতুন বিতর্ক। ম্যাচটি ২৭ আগস্ট আয়োজনের সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে ওসাসুনা। তাদের দাবি, নতুন তারিখটি তাদের স্বার্থের পরিপন্থী এবং দুই ক্লাবের মধ্যে আগে হওয়া একটি সমঝোতাকেও বাতিল করে দিয়েছে।
ওসাসুনার দাবি, দুই ক্লাব আলোচনা করে ঠিক করেছিল ম্যাচটি ২৪ অথবা ২৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক বিরতির সময় আয়োজন করা হবে। এতে দুই দলের সূচিতে বাড়তি চাপ পড়তো না এবং মৌসুমের শুরুর দিকে খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম ও পুনরুদ্ধারের সুযোগ মিলতো।
ওসাসুনাও স্বীকার করেছে, ছত্রাকের কারণে মাঠের অবস্থা খেলার উপযোগী ছিল না। ক্লাবটির ভাষ্য, মাঠের অবস্থা খারাপ হয়ে যাওয়ায় নির্ধারিত দিনে ম্যাচ আয়োজন সম্ভব ছিল না, যদিও স্বাগতিক সেল্টা পরিস্থিতি ঠিক করার জন্য চেষ্টা করেছিল। কিন্তু সমস্যাটা তৈরি হয় নতুন সূচি নির্ধারণের সময়।
ওসাসুনার দাবি, লা লিগা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশন দুই ক্লাবের প্রস্তাবিত সেপ্টেম্বরের তারিখ গ্রহণ না করে একতরফাভাবে ২৭ আগস্ট ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
ওসাসুনার অভিযোগ, ম্যাচ স্থগিত হওয়ার কারণে যে দলটি শুরুতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, নতুন সূচিতেও সেই দলই আবার সবচেয়ে বড় সমস্যায় পড়েছে।









