বাবার মৃত্যুর পর মেসির প্রথম গোল, কার্ড দেখলেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই ভাই 

মেজর লিগ সকারে বৃহস্পতিবার সকালের ম্যাচে ফিলাডেলফিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মায়ামি। বাবার মৃত্যুর পর এই প্রথম গোলের দেখা পেলেন মেসি। মায়ামির হয়ে অন্য গোল করেন ড্যানিয়েল পিন্টার। 

ম্যাচের শেষ মুহুর্তে  ডি-বক্সের মধ্যে ফাউলের শিকার হন কুইন সুলিভান। সেখান থেকে মায়ামির এক ফুটবলারের সঙ্গে বচসা বেঁধে যায় তার। মারামারিতে জড়িয়ে যান কাভান সুলিভানও। 

রেফারি কাভান সুলিভান ও মায়ামির ইয়ানিক ব্রাইটকে লাল কার্ড দেখান। এছাড়া হলুদ কার্ড দেখান হয় কুইন সুলিভানকে। বাংলাদেশি বংশোদ্ভূত দুই ভাইয়ের জন্য ম্যাচটি ছিল তিক্ততায় ভরা।

ম্যাচের ১১ মিনিটে প্রথমে গোল করে লিড নেয় ফিলাডেলফিয়া। ফ্রান্সিস ওয়েস্টফিল্ডের অ্যাসিস্টে জাল কাঁপান ইন্ডিয়ানা ভাসিলেভ। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। দশ মিনিটের মধ্যে লুইস সুয়ারেজের পাস থেকে ম্যাচে সমতা ফেরান পিন্টার। 

পাঁচ মিনিট পর ডি-বক্সের ভেতরে ডান দিকে মেসিকে খুঁজে নেন ইয়ান ফ্রে। বাম পায়ের চমৎকার নৈপুণ্য দেখিয়ে ফিলাডেলফিয়ার তিন ডিফেন্ডারকে বোকা বানান মায়ামি অধিনায়ক। পরে তার বাম পায়ের বাঁকানো শট ঠেকাতে পারেননি গোলকিপারও। 

চলতি লিগে মেসির এটি ১৩তম গোল। 

লিড নেওয়ার পরও গোলের চেষ্টা চালিয়ে যায় মায়ামি। তবে তেমন পরিষ্কার সুযোগ তারা তৈরি করতে পারেনি। উল্টো পিছিয়ে পড়ে গোলের জন্য মরিয়া হয়ে পড়ে ফিলাডেলফিয়া।  

শেষ পর্যন্ত ৫৮ মিনিটে নিল পিয়েরের হেডে করা গোলে স্কোরলাইন ২-২ করে ফেলে স্বাগতিকরা। 

এই ড্রয়ে ন্যাশভিলের সঙ্গে ব্যবধান আরও বেড়ে গেলো মায়ামির। ২০ ম্যাচে ১১ জয় ও ৬ ড্রয়ে তাদের সংগ্রহ এখন ৩৯ পয়েন্ট। সমান ম্যাচ খেলে শীর্ষে থাকা ন্যাশভিলের সংগ্রহ  ৪৬ পয়েন্ট।