ভারতের সামনে ব্রাজিল ও উরুগুয়ে, ‘হিংসা’ হচ্ছে সুনীলের

আগামী অক্টোবরে নিজেদের মাঠে  ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে  প্রদর্শনী ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল। তা দেখে ‘হিংসা’ হচ্ছে সুনীল ছেত্রীর। তার আক্ষেপ, পেশাদার ফুটবলজীবনে এমন প্রতিপক্ষের মুখোমুখি হতে পারেননি। তাই এখনকার ফুটবলারদের মুহূর্তটি  উপভোগ করতে বলেছেন তিনি।

প্রায় দু’দশকেরও বেশি ফুটবল খেলার পর অবসর নিয়েছেন সুনীল। এক বার অবসর ভেঙে ফিরেও এসেছিলেন। কিন্তু দলকে এশিয়ান কাপে তুলতে না পেরে আবার অবসর নিয়েছেন।

তিনি ফেডারেশনের ওয়েবসাইটে বলেছেন, ‘দর্শক হিসাবে আমার বেশ হিংসা হচ্ছে। আমি পেশাদার হিসাবে ২৪-২৬ বছর ফুটবল খেলেছি। জাতীয় দলে কাটিয়েছি ২০ বছর। কখনও এ ধরনের সুযোগ পাইনি।’

সুনীলের আশা, ফুটবলারেরা যেন এই ম্যাচের জন্য ফিট থাকেন। তবে কাদের নেওয়া দরকার দলে, তা নিয়ে মন্তব্য করতে চাননি। সুনীলের কথায়, ‘কোচ সেই ব্যাপারে উত্তর দিতে পারবেন। আমি এখন স্রেফ একজন সমর্থক। বাকিদের মতোই ম্যাচ দেখবো।’

সম্প্রতি অনুশীলনে ফিরেছেন সুনীল। তবে অবসরের ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি। মজা করে বলেছেন, ‘মাত্র ২০ মিনিট অনুশীলন করেছি। এখন আমি ৪২। এখন ঠিক মতো দৌড়তেই পারছি না। কষ্ট হচ্ছে। তবে এখন জাতীয় দলে অনেক তরুণ ফুটবলার রয়েছে। নিশ্চয়ই যোগ্যরা সুযোগ পাবে। ঠিক যে ভাবে আমি পেয়েছিলাম ২০ বছর আগে।’

সুনীল বলেছেন, ‘আমি জাতীয় দলে খেলেছি। তার পরেও কেন র‌্যাঙ্কিং নিচের দিকে গিয়েছে? তার কারণ আমরা খারাপ খেলেছি। যে ম্যাচগুলো জেতার দরকার ছিল সেগুলো হেরেছি। তাই জন্যই আজ এখানে। আমাদের সবার দায়িত্ব নিতে হবে। আমি নিজে নিয়েছি।’