হঠাৎ সিদ্ধান্ত বদল বাফুফের, পদ হারালেন সাবেক ফুটবলার

গত দেড় বছর জাতীয় ফুটবল দলের ম্যানেজার হিসেবে আছেন আমের খান। এবার ফিফা আসিয়ান কাপকে সামনে রেখে হঠাৎ করেই এই পদে পরিবর্তন আনছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আমের খানের জায়গায় এসেছেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবু! আর আমের খানকে করা হয়েছে কো অর্ডিনেটর। টিম লিডার হয়েছেন আরেক সদস্য ইকবাল হোসেন। রবিবার বাফুফে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। 

গত কিছু দিন ধরে ম্যানেজার পদ নিয়ে বেশ অনেকেই আগ্রহী ছিলেন। শেষ পর্যন্ত সাবেক ফুটবলার আমের খানকে সরিয়ে পদটাতে আমিরুল ইসলাম জায়গা করে নিয়েছেন। তিনি আগেও লাল সবুজ দলে ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। তবে এসময়ে যেখানে হামজা চৌধুরী- শমিত সোমদের মতো খেলোয়াড়েরা খেলছেন, আধুনিক অনেক কিছুর সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়, সেই দলে ম্যানেজার হিসেবে তিনি কতটুকু ‘যোগ্য’ এ নিয়ে প্রশ্ন উঠেছে। 

এদিকে আমের খান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি মিডিয়া ম্যানেজারের মাধ্যমে একটু আগে জানতে পেরেছি ম্যানেজার পদে আর নেই।  কো অর্ডিনেটরের কাজটা কী সেটা বোধগম্য নয়। এটা প্রমোশন নাকি ডিমোশন কে বলবে।’