প্রায় দুই দশক ধরে ফুটবলবিশ্বে চলছে এক অবিশ্বাস্য দ্বৈরথ। যেখানে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো বনাম লিওনেল মেসি। ব্যালন ডি’অর, চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড, লিগ শিরোপা কিংবা গোলের মাইলফলক—প্রায় সব জায়গাতেই একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার লড়াইয়ে নেমেছেন তারা। আর সেই প্রতিদ্বন্দ্বিতাই দুজনকে ঠেলে দিয়েছে ফুটবলের ইতিহাসের সর্বোচ্চ চূড়াতে।
ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে এবার সামনে এসেছে আরেকটি প্রশ্নও। ১ হাজার ক্যারিয়ার গোলের দৌড়ে মেসি কি রোনালদোকে পেছনে ফেলতে পারবেন?
সর্বশেষ পরিসংখ্যান অবশ্য রোনালদোকেই স্পষ্ট ফেবারিট বলছে। তবে মেসির ধারাবাহিক গোল করার ক্ষমতা এই দৌড়কে এখনো পুরোপুরি একতরফা হতে দিচ্ছে না।
শনিবার ইন্টার মায়ামির হয়ে মন্ট্রিয়লের বিপক্ষে ৭-১ গোলের বিশাল জয়ে চারবার জালে বল পাঠিয়েছেন মেসি। এই চার গোল তাকে নিয়ে গেছে ৯২৭ গোলের (১১৭১ ম্যাচে) মাইলফলকে।
৩৯ বছর বয়সেও এমন পারফরম্যান্স বুঝিয়ে দিয়েছে গোলের সামনে মেসির ক্ষুধা এখনো কমেনি।
অন্যদিকে মাইলফলকের অনেক কাছেই দাঁড়িয়ে রোনালদো। পর্তুগিজ মহাতারকার নামের পাশে ১৩৩৩ ম্যাচে রয়েছে ৯৭৮ গোল। অর্থাৎ ১ হাজার গোলের জাদুকরী সংখ্যায় পৌঁছাতে তার প্রয়োজন আর মাত্র ২২ গোল।
যেখানে মেসির দরকার আরও ৭৩ গোল। সংখ্যার হিসাবে ব্যবধানটা বেশ বড়। কিন্তু মেসির হাতে থাকা বাড়তি সময় এই লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে।
বয়সের দিক দিয়ে সুবিধা মেসির
মেসির পক্ষে সবচেয়ে বড় বিষয় তার বয়স। রোনালদোর চেয়ে তিনি দুই বছরের ছোট। অর্থাৎ ক্লাব ফুটবলে নিয়মিত খেলতে পারলে সামনে আরও কিছু মৌসুম পাওয়ার সম্ভাবনা রয়েছে তার।
৩৯ বছর বয়সেও মেসি গোল করার ধার হারাননি। মন্ট্রিয়লের বিপক্ষে চার গোল তারই সর্বশেষ প্রমাণ। একটি ম্যাচে প্রায় একাই প্রতিপক্ষকে ছিন্নভিন্ন করে দেওয়ার ক্ষমতা যে এখনো তার মধ্যে রয়েছে, সেটি আবারও দেখিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
ফিট থাকলে এবং ইন্টার মায়ামির হয়ে নিয়মিত খেলতে পারলে সামনে আরও কয়েকটি কার্যকর মৌসুম কাটানোর সুযোগ রয়েছে মেসির।
তবে বয়স যে রোনালদোর জন্য কোনও বাধা নয়, সেটিও বারবার প্রমাণ করেছেন পর্তুগিজ তারকা।
৪১ বছর বয়সেও নিয়মিত গোল করছেন তিনি। অসাধারণ শারীরিক সক্ষমতা এবং শীর্ষে থাকার অদম্য মানসিকতাই রোনালদোকে এত বছর ধরে প্রতিযোগিতায় টিকিয়ে রেখেছে।
৫১ গোলের বিশাল ব্যবধান
মেসির হাতে বয়সের সুবিধা থাকলেও পরিসংখ্যান এখনো রোনালদোর পক্ষেই। রোনালদো মেসির চেয়ে ৫১ গোল এগিয়ে।
অর্থাৎ মেসি বর্তমান গতিতে গোল করে খুব দ্রুত রোনালদোকে ধরে ফেলবেন-এমনটা ভাবার সুযোগ নেই। দীর্ঘ সময় ধরে তাকে নিজের চিরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে বেশি গোল করতে হবে।
মন্ট্রিয়লের বিপক্ষে চার গোল অবশ্য সেই দৌড়ে মেসিকে কিছুটা এগিয়ে দিয়েছে। কিন্তু একটি দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ৫১ গোলের ব্যবধান মুছে ফেলা সম্ভব নয়।
মেসিকে একদিকে নিজের গোলের হার ধরে রাখতে হবে, অন্যদিকে রোনালদোর গোল করার গতি উল্লেখযোগ্যভাবে কমে আসতে হবে। সবচেয়ে ভালো হয় যদি দুটোই একসঙ্গে ঘটে।