বয়স ৪০ ছুঁয়েছে, আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন ২০২টি। তবু থামার নাম নেই লুকা মদরিচের! ক্রোয়েশিয়ার ফুটবলের অন্যতম সেরা এই কিংবদন্তি আরও একবার জাতীয় দলের জার্সিতে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন। আসন্ন উয়েফা নেশন্স লিগেও ক্রোয়েশিয়ার হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি।
শনিবার ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, জাতীয় দলের প্রধান কোচ স্লাভেন বিলিচ ও ফেডারেশনের সভাপতি মারিয়ান কুস্তিচকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ক্রোয়েশিয়া অধিনায়ক মদরিচ।
এর ফলে আন্তর্জাতিক ক্যারিয়ার অব্যাহত রাখছেন তিনি। সামনে নেশন্স লিগে অপেক্ষা করছে বেশ কঠিন এক সূচি।
ক্রোয়েশিয়ার ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল সময়ের অন্যতম প্রধান মুখ মদরিচ। একের পর এক বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দিয়েছেন। মাঠে পারফরম্যান্সের পাশাপাশি নেতৃত্বগুণেও হয়ে উঠেছেন জাতীয় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন।
মদরিচের সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কোচ বিলিচ। তার মতে, মাঠের পারফরম্যান্সের বাইরেও ক্রোয়েশিয়ার জন্য মদরিচের গুরুত্ব অনেক বেশি, ‘অবশ্যই, লুকার সিদ্ধান্তে আমি ভীষণ খুশি। আমরা সবাই জানি, মাঠে ও মাঠের বাইরে ক্রোয়েশিয়ার জন্য সে কী প্রতিনিধিত্ব করে এবং তার গুরুত্ব কতটা।’
সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতির জন্য সোমবার দল ঘোষণা করবেন বিলিচ। সূচি অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর প্রাগে চেকিয়ার বিপক্ষে খেলবে ক্রোয়েশিয়া। এরপর ২৯ সেপ্টেম্বর সেভিয়ায় স্পেনের মুখোমুখি হবে তারা।
অক্টোবরে আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে মদরিচদের সামনে। ৩ অক্টোবর রিজেকায় ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ক্রোয়েশিয়া। এরপর ৬ অক্টোবর স্প্লিটে আবারও স্পেনের বিপক্ষে খেলবে তারা।