ক্রিকেট সিরিজ সামনে রেখে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। ভারতের বিপক্ষে আসন্ন সিরিজের প্রচারণায় আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রকাশিত একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে এই বিতর্ক। অভিযোগ উঠেছে, ভিডিওতে পাকিস্তান-অধিকৃত কাশ্মীর ও গিলগিট-বালতিস্তানকে ভারতের মানচিত্রের ভেতরে দেখানো হয়েছে।
রবিবার এসিবির অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করা হয়। দিল্লিতে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের সিরিজ শুরুর কয়েক দিন আগে ভিডিওটি প্রকাশ্যে আসে।
সিএনএন-নিউজ১৮-এর প্রতিবেদনে বলা হয়েছে, মানচিত্রে ওই অঞ্চলগুলো দেখানোর বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে উদ্বেগ জানিয়েছে।
তবে পিসিবির আপত্তির সুনির্দিষ্ট বিষয়টি তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। কাবুল ও ইসলামাবাদের মধ্যকার সীমান্ত ও নিরাপত্তা উত্তেজনার মধ্যেই নতুন এই বিতর্ক দুই দেশের সম্পর্কের টানাপোড়েনে ক্রিকেটকে আরেকটি সংবেদনশীল ইস্যুতে পরিণত করেছে।
তবে ভিডিওটির মানচিত্র নিয়ে রয়েছে কিছুটা অস্পষ্টতা। ভিডিওর প্রথম কয়েকটি ফ্রেমে পিওকে অঞ্চলটি ভারতের মানচিত্রের ভেতরে দেখা যায়। কিন্তু ভিডিওটি ধীরে ধীরে জুম আউট করার সময় ওই অঞ্চলের উজ্জ্বল সীমানারেখা মিলিয়ে যায়। ফলে পরের অংশে অঞ্চলটিকে ভারতের মানচিত্রের বাইরে বলেই মনে হয়।
এ নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ভারতীয় ব্যবহারকারী। তাদের কেউ কেউ ভিডিওটিতে ভারতের ভুল মানচিত্র দেখানো হয়েছে অভিযোগ করে এসিবিকে সেটি সংশোধনের আহ্বান জানিয়েছেন।