মিউনিখের পর ন্যু ক্যাম্প, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু ঘোষণা

ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ফিরছে পুরোনো দুই ভেন্যু। ২০২৮ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হবে মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায়। আর ২০২৯ সালের মহারণ বসবে বার্সেলোনার পুনর্নির্মিত ন্যু ক্যাম্পে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে উয়েফা।

২০২৫ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আয়োজন করেছিল মিউনিখ। সেই ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপসেরার মুকুট জিতেছিল প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)।

অন্যদিকে ন্যু ক্যাম্পে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হয়েছিল ১৯৯৯ সালে। রুদ্ধশ্বাস সেই ম্যাচে শেষ মুহূর্তে দুই গোল করে বায়ার্ন মিউনিখকে ২-১ ব্যবধানে হারিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ফলে ২০২৭ সালের ফাইনালের মাত্র দুই বছর পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের মঞ্চ হবে স্পেন। ২০২৭ সালের ফাইনাল ইতোমধ্যেই মাদ্রিদের মেট্রোপলিতানো স্টেডিয়ামে আয়োজনের জন্য নির্ধারিত হয়েছে।

শুধু চ্যাম্পিয়ন্স লিগ নয়, ইউরোপের অন্য দুই ক্লাব প্রতিযোগিতার ফাইনালের ভেন্যুও চূড়ান্ত করেছে উয়েফা। ২০২৮ সালের ইউরোপা লিগ ফাইনাল হবে বুখারেস্টে, আর ২০২৯ সালের ফাইনাল হবে বেলগ্রেডে।

কনফারেন্স লিগের ২০২৮ সালের ফাইনালের আয়োজক তুরিন। ২০২৯ সালের ফাইনাল হবে বুদাপেস্টে।

এদিকে উয়েফা সুপার কাপের ২০২৭ সালের আসর হবে আমস্টারডামে। ২০২৮ সালের সুপার কাপ আয়োজন করবে আস্তানা।

নারীদের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ভেন্যুও ঘোষণা করা হয়েছে। ২০২৮ সালের ফাইনাল হবে ফ্রান্সের লিঁওতে। আর ২০২৯ সালের ফাইনাল অনুষ্ঠিত হবে কার্ডিফে।