জাকার্তায় শমিত-ফারহানদের নিয়ে আজ পূর্ণ দল পাচ্ছেন ডুলি

একে একে সবাই যোগ দিয়েছেন জাকার্তায়। অপেক্ষাটা ছিল শুধু দলকে একসঙ্গে পাওয়ার। সেই অপেক্ষাও শেষ হচ্ছে আজ। সব ঠিক থাকলে ফিফা আসিয়ান কাপকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের নতুন কোচ থমাস ডুলি প্রথমবারের মতো পুরো দল নিয়ে অনুশীলনে নামবেন।

ইংল্যান্ড থেকে সোমবার রাতে দলের সঙ্গে যোগ দেন ফারহান। ফুলহ্যাম থেকে ধারে ইংল্যান্ডের পঞ্চম বিভাগের দল বোরহ্যাম উড এফসিতে খেলছেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার।

এরপর মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে জাকার্তায় পৌঁছান মিডফিল্ডার শমিত সোম। কিছুক্ষণ পর দলের সঙ্গে যোগ দেন আরেক মিডফিল্ডার সোহেল রানাও। ফলে ধীরে ধীরে পূর্ণতা পেয়েছে বাংলাদেশের দল।

টিম হোটেলে পৌঁছে বাফুফের ভিডিও বার্তায় শমিত জানিয়েছেন, দলের সঙ্গে যোগ দিতে পেরে তিনি রোমাঞ্চিত। মাঠে নামার অপেক্ষাতেও তর সইছে না তার।

শমিত বলেন, ‘সবার সঙ্গে যোগ দিতে পেরে ভালো লাগছে। আমরা একটি বড় প্রতিযোগিতায় খেলছি। আশা করি খুব ভালো করতে পারবো। আমি আত্মবিশ্বাসী যে আমরা ভালো করতে পারবো।’

নতুন কোচ ও নতুন দলের সঙ্গে বাংলাদেশের ফুটবলে নতুন অধ্যায় শুরু হয়েছে বলেও মনে করেন শমিত। তিনি বলেন, ‘নতুন একটি পথচলা শুরু হচ্ছে আমাদের, নতুন দল ও নতুন কোচের সঙ্গে। গত দুই-তিন মাস ধরে যা কিছু হচ্ছে এবং সামনে আসিয়ান কাপ, সাফ সব মিলিয়ে বাংলাদেশ ফুটবলের জন্য, আমার জন্য খুব রোমাঞ্চকর সময়। মুখিয়ে আছি এবং ফিরতে পেরে ভালো লাগছে।’

আসিয়ান কাপের প্রস্তুতি নিতে বাংলাদেশ দল রবিবার ভোরেই জাকার্তায় পৌঁছায়। এরপর সোমবার দুপুরে দলের সঙ্গে যোগ দেন হামজা চৌধুরী। একে একে বাকি খেলোয়াড়েরাও যোগ দেওয়ায় আজ প্রথমবারের মতো সবাইকে নিয়ে অনুশীলন করার সুযোগ পাচ্ছেন কোচ থমাস ডুলি।

জাকার্তার ৭৭ হাজার দর্শক ধারণক্ষমতার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে হবে বাংলাদেশের ম্যাচ। শুক্রবার মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসিয়ান কাপের মাঠের লড়াই শুরু করবে বাংলাদেশ।

‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া। তিন প্রতিপক্ষই ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে। তাই টুর্নামেন্টের শুরুতেই কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে ডুলির দলকে।