বাংলাদেশ দলে ফারহানের অভিষেক, মালয়েশিয়ার বিপক্ষে আরও যারা আছেন

আর কিছুক্ষণের অপেক্ষা। এরপরই জাকার্তার গেলোরা বুং কার্নো (জিবিকে) স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচেই শুক্রবার বেলা ৩টায় লাল-সবুজের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে ইংলিশ-বাংলাদেশি তরুণ ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদের।

১৯ বছর বয়সী ফারহান মূলত লেফট উইঙ্গার কিংবা ফরোয়ার্ড হিসেবে খেলেন। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যামের খেলোয়াড় তিনি। বর্তমানে লোনে ইংল্যান্ডের ন্যাশনাল লিগের দল বোরহ্যাম উড এফসির হয়ে খেলছেন এই তরুণ।

মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের গোলবার সামলাবেন মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণে রয়েছেন সাদ উদ্দিন, তারিক কাজী, জায়ান আহমেদ ও শাকিল আহাদ তপু। মাঝমাঠে থাকছেন হামজা চৌধুরী, শমিত সোম ও সোহেল রানা সিনিয়র। আর আক্রমণভাগে ফারহান আলীর সঙ্গে রয়েছেন ফাহমিদুল ইসলাম ও রাকিব হোসেন।

কোচ থমাস ডুলির পরিকল্পনায় বাংলাদেশকে ৪-২-১-২-১ ছকে দেখা যেতে পারে। সে ক্ষেত্রে রাকিব হোসেন খেলতে পারেন মূল স্ট্রাইকার বা ‘নাম্বার নাইন’ হিসেবে। দুই উইংয়ে থাকবেন অভিষিক্ত ফারহান ও ফাহমিদুল। তাদের পেছনে শমিত সোমকে রেখে মাঝমাঠের দায়িত্বে থাকবেন হামজা চৌধুরী ও সোহেল রানা সিনিয়র।

ফিফা আসিয়ান কাপের প্রিমিয়ার ডিভিশনের ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া। র‌্যাঙ্কিংয়ে তিন দলই বাংলাদেশের চেয়ে এগিয়ে। ইন্দোনেশিয়ার অবস্থান ১১৮তম, মালয়েশিয়া ১৩৬তম এবং সিঙ্গাপুর ১৪৮তম। বাংলাদেশের অবস্থান ১৮১তম।

তবে র‌্যাঙ্কিংয়ের ব্যবধান ভুলে মাঠের লড়াইয়ে নিজেদের সামর্থ্য প্রমাণের লক্ষ্য নিয়েই আজ মাঠে নামছে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশ:
মেহেদী হাসান শ্রাবণ, সাদ উদ্দিন, তারিক কাজী, জায়ান আহমেদ, শাকিল আহাদ তপু, হামজা চৌধুরী, শমিত সোম, সোহেল রানা সিনিয়র, ফারহান আলী ওয়াহিদ, রাকিব হোসেন ও ফাহমিদুল ইসলাম।