ফিফার সদস্যদের আরও বড় অঙ্কের অর্থের প্রতিশ্রুতি ইনফান্তিনোর

ফিফার কোষাগারে জমেছে বিপুল অর্থ। সেই অর্থ থেকে সদস্য দেশগুলোর জন্য কতটা ছাড়বে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা? তা নিয়েই এখন আলোচনা চলছে। তবে সেই অঙ্ক আরও বড় হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আনুমানিক ৪৪০ কোটি পাউন্ড নগদ রিজার্ভ থেকে দেওয়া সম্ভব এমন সর্বোচ্চ পরিমাণ অর্থ সদস্যদের দেওয়ার পক্ষে নিজের অবস্থানের কথা জানিয়েছেন তিনি।

সোমবার ফিফার ছয়টি মহাদেশীয় কনফেডারেশনকে পাঠানো এক চিঠিতে এমন অবস্থান জানিয়েছেন ইনফান্তিনো। বিবিসি স্পোর্টের হাতে এসেছে সেই চিঠি।

চিঠিতে ফিফা সভাপতি লিখেছেন, তিনি দায়িত্বশীলভাবে দেওয়া সম্ভব এমন সর্বোচ্চ মাত্রার অতিরিক্ত অর্থায়নকে সমর্থন করবেন।

ফিফার বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা নিয়ে সাম্প্রতিক সময়ে ইনফান্তিনোর ওপর চাপ বাড়ছিল। ওই পরিকল্পনার আওতায় বিশ্বকাপ ও ফিফার অন্যান্য প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্বের অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব করা হয়েছিল। পরিকল্পনাটি সামনে আসার পর তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত তা বাতিল করে ফিফা।

ইনফান্তিনোর সর্বশেষ এই চিঠিটিও এসেছে উয়েফা এবং উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের কনফেডারেশন কনকাকাফের দাবির পর। দুই কনফেডারেশনই ফিফার ৪৪০ কোটি পাউন্ডের রিজার্ভ থেকে তাদের ২১১ সদস্যের প্রত্যেককে ১ কোটি ডলার (প্রায় ৭৫ লাখ পাউন্ড) করে দেওয়ার দাবি জানিয়েছে।

আগামী ১৫ অক্টোবর ফিফা কাউন্সিলের বৈঠকে এ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। চিঠিতে ইনফান্তিনো লিখেছেন, ‘আমি অঙ্কটি আগেভাগে নির্ধারণ করতে চাই না।’

তিনি আরও বলেন, ‘একটি নির্দিষ্ট অঙ্ক আলোচনা শুরু করতে পারে, কিন্তু এটি কোনো বৈশ্বিক নীতিকে চূড়ান্ত রূপ দিতে পারে না।’

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রি করার ব্যর্থ প্রস্তাবটির পক্ষে নিজের সর্বশেষ ব্যাখ্যাও দিয়েছেন ইনফান্তিনো। ওই পরিকল্পনার কারণে তার পদত্যাগের দাবিও উঠেছিল। তবে আবারও তিনি দাবি করেছেন, প্রস্তাবটির উদ্দেশ্য ছিল ফুটবলে অতিরিক্ত অর্থ বিনিয়োগের সুযোগ তৈরি করা।

সুইস-ইতালিয়ান ইনফান্তিনো চিঠিতে লিখেছেন, ‘সম্প্রতি যে বাণিজ্যিক প্রস্তাবটি দেওয়া হয়েছিল এবং পরে প্রত্যাহার করা হয়েছে, তার উদ্দেশ্য ছিল ফিফাকে ফুটবলে আরও বেশি বিনিয়োগের সুযোগ করে দেওয়া।’

এদিকে ২০২৭ সালের মার্চে চতুর্থবারের মতো ফিফা সভাপতি পদে নির্বাচনে দাঁড়াবেন ইনফান্তিনো। তার বিপক্ষে বিকল্প প্রার্থী খুঁজে বের করার জন্য বিরোধীদের হাতে সময় আছে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।