৭০ হাজার দর্শকের সামনে লড়বে বাংলাদেশ, ম্যাচ দেখবেন কোথায়?

বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। তবু শেষটায় ভালো করার লক্ষ্য বাংলাদেশের। ফিফা আসিয়ান কাপের গ্রুপ ‘এ’-তে নিজেদের শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। জাকার্তার গেলারো বুং কার্নো স্টেডিয়ামে প্রায় ৭০ হাজার দর্শকের সামনে কঠিন পরীক্ষা দিতে হবে জামাল ভূঁইয়াদের। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি। দেখাবে টি স্পোর্টস ও টফি। 

সর্বশেষ ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। তবে সেই ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ৩-০ গোলে হারের তুলনায় অনেক উন্নতি দেখিয়েছে দলটি। এবার শেষ ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রেখে ইতিবাচক ফল নিয়ে আসিয়ান কাপ শেষ করতে চায় লাল-সবুজরা।

বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া ইন্দোনেশিয়ার বিপক্ষে শক্তিশালী পারফরম্যান্সের প্রত্যয় জানিয়েছেন। ম্যাচের আগে তিনি বলেন, ‘ফুটবলে যেকোনো কিছুই সম্ভব। আশা করি ভালো পারফরম্যান্স করতে পারবো এবং ভালো একটি ম্যাচ খেলতে পারবো। আমরা সমর্থকদের ভালো একটি পারফরম্যান্স উপহার দিতে চাই।’

বাংলাদেশের প্রধান কোচ থমাস ডুলি বলেন, ইন্দোনেশিয়া এরই মধ্যে বেশ কয়েকটি শক্তিশালী ও প্রভাবশালী দলের মুখোমুখি হয়েছে। ম্যাচের আগে স্বাগতিকদের শক্তি ও দুর্বলতা নিয়েও বিশ্লেষণ করেছে বাংলাদেশ।

তবে ইন্দোনেশিয়ার বিপক্ষে ঘরের মাঠে বিপুল দর্শকের সামনে খেলার চাপের কথাও স্বীকার করেছেন ডুলি। তার মতে, সেই চাপ সামলানোর জন্য প্রস্তুত বাংলাদেশ,‘আমাদের শক্তিশালী একটি দল আছে। তবে প্রায় ৭০ হাজার দর্শকের সামনে খেলা বাড়তি চাপ। আমাদের সেই চাপের জবাব দিতে হবে এবং দেশের জন্য লড়াই করতে হবে।’