ভারতের মাটিতে শনিবার তৈরি হতে যাচ্ছে ফুটবলের এক ঐতিহাসিক মুহূর্ত। প্রথমবারের মতো সিনিয়র পুরুষদের আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ভারত। ভেন্যু কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, যা সল্টলেক স্টেডিয়াম নামেই বেশি পরিচিত।
বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। যা সম্প্রচার করবে সনি টেন-২, সনি টেন-৩।
শক্তির বিচারে দুই দলের ব্যবধান অনেক। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে রয়েছে। অন্যদিকে ভারত ফিফা র্যাঙ্কিংয়ে রয়েছে ১৩৮তম স্থানে।
ব্রাজিলের দলে রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, এনদ্রিক, মারকিনিওস ও ব্রুনো গুইমারেসের মতো তারকারা। তবে চোটের কারণে দলে নেই রাফিনহা।
কলকাতার ফুটবল সংস্কৃতি বেশ সমৃদ্ধ। বিশ্বকাপ এলেই শহরের বিভিন্ন এলাকার দেয়াল, বাড়ি ও রাস্তায় ব্রাজিল ও আর্জেন্টিনার রঙে ছেয়ে যায় পুরো পাড়া-মহল্লা।
সল্টলেক স্টেডিয়ামে এর আগে বড় আন্তর্জাতিক ফুটবল ম্যাচে দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০১১ সালে আর্জেন্টিনা ও ভেনেজুয়েলার প্রীতি ম্যাচে এই স্টেডিয়ামে ৬০ হাজারের বেশি দর্শক উপস্থিত ছিলেন। এর ছয় বছর পর অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপেও এই ভেন্যুতে খেলেছিল ব্রাজিল।