মেসির বিদায়ী ম্যাচ নিয়ে স্ক্যালোনি, ‘মনুমেন্টালে পাঁচটি স্টেডিয়াম থাকলে সবই পূর্ণ হয়ে যেত’

লিওনেল মেসির বিদায়ী ম্যাচ। আর সেই বিদায় দেখতে উপচে পড়া মানুষের ঢল। আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনির বিশ্বাস, লিওনেল মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচটি দেখতে মনুমেন্টাল স্টেডিয়ামের মতো পাঁচটি স্টেডিয়াম থাকলে সবগুলোই পূর্ণ হয়ে যেত। 

বুরকিনা ফাসোর বিপক্ষে ৭-০ গোলের জয়ের পর মেসির বিদায় ঘিরে অভূতপূর্ব আগ্রহের কথা বলতে গিয়ে হাসতে হাসতে স্ক্যালোনি বলেছেন, ‘মনুমেন্টাল স্টেডিয়াম যদি পাঁচটি থাকত, সেগুলোও পূর্ণ হয়ে যেত। সব জায়গা থেকে আমি বার্তা পেয়েছি।’

বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে নিজের শেষ অফিসিয়াল ম্যাচ খেলতে যাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি। দেশের ফুটবল ইতিহাসে যার অবদান অনস্বীকার্য, সেই মেসিকে বিদায় জানাতে প্রস্তুত সমর্থকেরা।

স্ক্যালোনির কাছে এই বিদায় হবে গর্ব, কৃতজ্ঞতা আর নস্টালজিয়ায় ভরা এক মুহূর্ত। কারণ মেসি শুধু মাঠের সাফল্যের মধ্যেই নিজের প্রভাব সীমাবদ্ধ রাখেননি; আর্জেন্টিনার ফুটবল ইতিহাসেরই অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন তিনি।

মেসিকে নিয়ে স্ক্যালোনি বলেছেন, ‘আমার মনে হয়, সবকিছুই বলা হয়ে গেছে; এখন শুধু মুহূর্তটি উপভোগ করার বাকি। তিনি যখন চলে যাবেন, তখন যে নস্টালজিয়ার কথা আমরা সবসময় বলি, সেটাই থাকবে। আর এরপর তিনি এখানে থাকবেন না।’ 

মনুমেন্টালের গ্যালারিতে থাকা সবার মতো মেসিও আবেগাপ্লুত থাকবেন বলে মনে করেন আর্জেন্টিনার কোচ। জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচটি আর্জেন্টাইন ফুটবলের একটি অসাধারণ অধ্যায়ের সমাপ্তি টানবে।

স্ক্যালোনি যোগ করে বলেন,‘আমি মনে করি, সবাই আবেগাপ্লুত হবে, মেসিও। মনুমেন্টালের মাঠে পা রাখার মুহূর্ত থেকেই এটি সবার জন্য অবিস্মরণীয় একটি দিন হয়ে থাকবে। তার এই দিনের অংশ হতে পারছি, এ জন্য আমি কৃতজ্ঞ।’

মেসিকে নিয়ে দলের হাতে এখনো দুটি অনুশীলন সেশন বাকি। অধিনায়কের সঙ্গে কাটানো শেষ সময়টুকু উপভোগ করতে চান স্ক্যালোনি নিজেও, ‘তার সঙ্গে আমাদের এখনো দুটি অনুশীলন সেশন বাকি। যে অল্প সময়টুকু আমাদের হাতে আছে, আমরা সেটুকু উপভোগ করবো।’