আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ ঘিরে বুয়েনস আইরেসে তৈরি হয়েছে উৎসবের আমেজ। জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামার এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ম্যাচের আগে ও পরে থাকছে সংগীত, সাংস্কৃতিক পরিবেশনা, ড্রোন শো ও আতশবাজি। তবে পুরো আয়োজনের শেষেই রাখা হয়েছে এমন একটি চমক, যার বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
বাংলাদেশ সময় বুধবার (৭ অক্টোবর) ভোর ৫টায় বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচ দিয়েই জাতীয় দলের জার্সিতে মেসির পথচলা শেষ হচ্ছে বলে ফিফাও নিশ্চিত করেছে।
এর আগে ৩১ আগস্ট মেসি জানিয়েছিলেন, বিশ্বকাপের ফাইনালই ছিল আর্জেন্টিনার জার্সিতে তার শেষ ম্যাচ। তবে এএফএর বিশেষ অনুরোধে আরও একবার দেশের হয়ে মাঠে নামতে সম্মত হন তিনি। এএফএ সভাপতি ক্লদিও তাপিয়াও জানিয়েছিলেন, দেশের মাটিতে মেসিকে যথাযথ সম্মানের সঙ্গে বিদায় জানানো হবে।
মেসির শেষ ম্যাচকে কেন্দ্র করে মূল আয়োজন শুরু হবে স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায়। ‘উন পোকো দে রুইদো’র পরিবেশনার মধ্য দিয়ে শুরু হবে সাংস্কৃতিক পর্ব। এরপর পর্যায়ক্রমে সংগীত পরিবেশন করবেন সেবাস্তিয়ান মেন্দোসা, রোমান এল অরিজিনাল, আমার আসুল, সান্তি কাইরো, কিউলোকুরা ও দামাস গ্রাতিস।
সূচি অনুযায়ী, বিকেল ৫টা ৪০ মিনিটে মঞ্চে উঠবেন মেন্দোসা। এরপর ৫টা ৫০ মিনিটে রোমান এল অরিজিনাল, সন্ধ্যা ৬টায় আমার আসুল, ৬টা ১০ মিনিটে সান্তি কাইরো এবং ৬টা ২০ মিনিটে কিউলোকুরার পরিবেশনা থাকবে। রাত ৭টায় গাইবেন দামাস গ্রাতিস। আর্জেন্টিনার কুম্বিয়া ও লোকসংগীতই মূলত এই পর্বের পরিবেশনায় প্রাধান্য পাবে।
ম্যাচ শুরুর আগে স্থানীয় সময় রাত ৮টায় জাতীয় সংগীত পরিবেশন করবেন মালভিনাস যুদ্ধের সাবেক সৈনিক ফাবিও সান্তানা। এরপর শুরু হবে আর্জেন্টিনা ও বেনিনের ম্যাচ।
প্রথমার্ধ শেষে বিরতির সময় দর্শকদের জন্য গান পরিবেশন করবেন গাসপার বেনেগাস। ফলে খেলার বাইরেও পুরো সময়জুড়ে দর্শকদের জন্য থাকছে নানা আয়োজন।
মেসির বিদায়ী ম্যাচের মূল আকর্ষণ অবশ্য অপেক্ষা করছে খেলা শেষ হওয়ার পর। স্থানীয় সময় রাত ১০টা ৩ মিনিটে শুরু হবে ড্রোন ও আতশবাজির বিশেষ প্রদর্শনী। এর কয়েক মিনিট পর, রাত ১০টা ১০ মিনিটে লোকসংগীতশিল্পী ‘লা সোলে’ মঞ্চে উঠবেন।
এরপর রাত ১০টা ১৫ মিনিটে পরিবেশনা করবেন কুয়ার্তেতো গায়ক উলিসেস বুয়েনো। তবে এরপরই আসবে পুরো আয়োজনের সবচেয়ে আলোচিত অংশ।
শেষ মুহূর্তে চমক
এএফএর প্রকাশিত সূচির শেষ দিকে রাত সাড়ে ১০টার ঘরে শুধু লেখা হয়েছে ‘সোরপ্রেসা’। স্প্যানিশ এই শব্দের অর্থ ‘চমক’। সেখানে কোনো শিল্পীর নাম কিংবা কী আয়োজন করা হবে, সে বিষয়ে কিছুই প্রকাশ করা হয়নি।
ফলে মেসির বিদায়ী রাতের শেষ মুহূর্তে কী ঘটতে যাচ্ছে, তা নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। এএফএও এখন পর্যন্ত সেই রহস্যের কোনও উত্তর দেয়নি।
শুধু এস্তাদিও মনুমেন্টালেই নয়, মেসির শেষ ম্যাচকে ঘিরে বুয়েনস আইরেসের বিভিন্ন স্থানেও চলছে বিশেষ আয়োজন। ইউনিভার্সিটি অব বুয়েনস আইরেসের সিউদাদ ইউনিভার্সিতেরিয়া ক্যাম্পাসে দুপুর ১২টা থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হবে এএফএর ‘গ্রাসিয়াস, লিও’ ফ্যান ফেস্ট।
এই আয়োজনে থাকবে গান, বিনোদন, খাবার ও বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা। পাশাপাশি বড় পর্দায় দেখানো হবে আর্জেন্টিনা-বেনিনের ম্যাচ। সব মিলিয়ে দেশের জার্সিতে মেসির শেষ অধ্যায়কে স্মরণীয় করে রাখতে বুয়েনস আইরেস প্রস্তুত হচ্ছে এক আবেগঘন রাতের জন্য।