আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের সঙ্গে শেষ হতে যাচ্ছে তার বর্ণিল আন্তর্জাতিক অধ্যায়ও। বুধবার ভোরে মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পর আলবিসেলেস্তেদের হয়ে আর মাঠে দেখা যাবে না এই মহাতারকাকে। পেছনে পড়ে থাকবে কিছু অমর স্মৃতিসহ অনন্য সব কীর্তি। এর মধ্যে এমন চারটি রেকর্ড রয়েছে, যেগুলো ছোঁয়া পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের জন্য প্রায় অসম্ভব বলেই মনে করা হচ্ছে।
আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা
আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়া নিঃসন্দেহে এমন একটি রেকর্ড, যেটি ছোঁয়া যে কারও জন্যই কঠিন। আলবিসেলেস্তেদের হয়ে ২০৭ ম্যাচে মেসি পেছনে ফেলেছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতার ৫৬ গোলের রেকর্ড। তার নামের পাশে এখন ১২৫ গোল। যেখানে ম্যাচপ্রতি গোলের গড় ০.৬০।
সক্রিয় খেলোয়াড়দের মধ্যে মেসির সবচেয়ে কাছাকাছি থাকা লাওতারো মার্তিনেজের গোল ৪২টি।
আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ
আর্জেন্টিনার হয়ে ম্যাচ খেলার সংখ্যাতেও সবার ওপরে মেসি। আলবিসেলেস্তেদের জার্সিতে তার ম্যাচ এখন ২০৭টি। শুধু আর্জেন্টিনার সর্বোচ্চ নয়, পুরো মহাদেশের খেলোয়াড়দের মধ্যেও এই সংখ্যার ধারেকাছে কেউ নেই।
মেসির পেছনে রয়েছেন হাভিয়ের মাসচেরানো। খেলেছেন ১৪৭ ম্যাচ। অ্যাঞ্জেল দি মারিয়া ও হাভিয়ের জানেত্তির ম্যাচ ১৪৫টি করে। নিকোলাস ওতামেন্দি খেলেছেন ১৩৯ ম্যাচ। ২০২৬ বিশ্বকাপের ফাইনালের পর ওতামেন্দিও আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ ও গোল
২০২৬ বিশ্বকাপে চতুর্থ তারকা যোগ করার স্বপ্ন পূরণ হয়নি আর্জেন্টিনার। তবে মেসির ব্যক্তিগত রেকর্ডের খাতায় যোগ হয়েছে আরও একটি ঐতিহাসিক কীর্তি। কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াই জমে উঠেছিল।
শেষ পর্যন্ত ২২ গোল নিয়ে ফরাসি তারকা এমবাপ্পে এগিয়ে গেছেন। তবে মেসির ২১ গোলই তাকে বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার পেছনে রয়েছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা। তার গোল ১০টি। গিয়ের্মো স্তাবিলে ও ডিয়েগো ম্যারাডোনার গোল ৮টি করে।
বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও মেসির দখলে। আলবিসেলেস্তেদের হয়ে বিশ্বকাপে তিনি খেলেছেন ৩৪ ম্যাচ। তার পেছনে রয়েছেন ম্যারাডোনা। খেলেছেন ২১ ম্যাচ এবং মাসচেরানো ২০ ম্যাচ নিয়ে তার পরেই রয়েছেন।
বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা
মহাদেশীয় পর্যায়েও মেসি রেখে যাচ্ছেন বিশাল এক রেকর্ড। কনমেবল বিশ্বকাপ বাছাইয়ে তার গোলসংখ্যা ৩১। এই কীর্তিতে প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি। তবে তার ইন্টার মায়ামির সতীর্থ ও বন্ধু লুইস সুয়ারেজের সঙ্গে রেকর্ডটি ভাগাভাগি করেছেন।
তাদের পেছনে রয়েছেন বলিভিয়ার মার্সেলো মোরেনো মার্টিনস। তার গোল ২২। হার্নান ক্রেসপোর গোল ১৯টি। চিলির অ্যালেক্সিস সানচেজ করেছেন ২০ গোল এবং উরুগুয়ের এদিনসন কাভানি ১৭ গোল। এদের সবাই ইতোমধ্যে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন।