দুর্নীতির তদন্তে এমবাপ্পেকে জিজ্ঞাসাবাদ!

ফরাসি ফুটবলে দুর্নীতির তদন্তে এবার আলোচনায় রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপ্পে। অভিযোগের তদন্তে গত ৩০ সেপ্টেম্বর তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে ফরাসি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তদন্তের অভিযোগ সরাসরি এমবাপ্পের বিরুদ্ধে নয়। বরং ফ্রান্স জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের সাবেক নিরাপত্তাপ্রধান মোহামেদ ‘মোমো’ সানহাদজিকে ঘিরে।

ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত ফ্রান্স জাতীয় দলের নিরাপত্তা প্রধানের দায়িত্ব পালন করেছেন সানহাদজি। তদন্তকারীদের ধারণা, ভিসার আবেদন সংক্রান্ত বিষয়ে নিজের প্রভাব কাজে লাগিয়েছিলেন তিনি। এ ছাড়া সরকারি চাকরিতে বহাল থাকা অবস্থায় এমবাপ্পের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হিসেবে তার সঙ্গে ক্যামেরুনে একটি ব্যক্তিগত সফরেও গিয়েছিলেন সানহাদজি।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে এমবাপ্পের কাছ থেকে ৬০ হাজার ইউরোর বেশি অর্থ পেয়েছিলেন সানহাদজি। এসব বিষয় খতিয়ে দেখতেই এমবাপ্পেকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

বাড়ি কেনার অর্থ জোগাড় করতে সানহাদজি ফ্রান্স জাতীয় দলের একাধিক খেলোয়াড়ের কাছ থেকে ব্যক্তিগতভাবে ঋণও নিয়েছিলেন বলে জানিয়েছে লেকিপ। তদন্তের নথিতে উঠে এসেছে সাবেক বায়ার্ন মিউনিখ তারকা ফ্র্যাঙ্ক রিবেরির নামও। সানহাদজির সিসিলিতে ছুটি কাটানোর খরচ রিবেরি বহন করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।