জিনেদিন জিদানের অধীনে ফ্রান্সের শুরুটা হয়েছে জয় দিয়ে। শুক্রবার রাতে তুরস্কের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে একমাত্র গোলে ফ্রান্স হারিয়েছে তুরস্ককে। তবে গোল করে হাঁটুতে চোট পান ফ্রান্সের অধিনায়ক কিলিয়ানে এমবাপ্পে। এতে করে চলতি আন্তর্জাতিক উইন্ডোর বাকি ম্যাচগুলোতে মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে।
তুরস্কের মাঠে মাইকেল অলিসের পাস থেকে ফ্রান্সের হয়ে ৬৭তম গোলটি করেন এমবাপ্পে। তার সেই গোলেই ১-০ ব্যবধানে জয় পায় ফ্রান্স। গোল করার কয়েক মুহূর্ত পরই মাঠে বসে বাঁ হাঁটু ধরে ব্যথায় কাতরাতে দেখা যায় এমবাপ্পেকে।
কোনও প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ ছাড়াই শট নেওয়ার সময়ই চোটটি পান এমবাপ্পে। প্রাথমিক চিকিৎসা নিয়ে মাঠে ফিরলেও কিছুক্ষণ পর আবার মাটিতে পড়ে যান তিনি। শেষ পর্যন্ত তাকে তুলে নেন জিদান।
ম্যাচ শেষে এমবাপ্পের চোট নিয়ে হতাশা প্রকাশ করেন জিদান। ফরাসি কোচ বলেন, ‘না, এটা ভালো নয়। দুর্ভাগ্যজনকভাবে ভালো নয়। তাকে ফিরে যেতে হবে। আমরা কোনও ঝুঁকি নেব না। শট নেওয়ার সময় সে হাঁটুটা বাড়িয়ে দিয়েছিল। বিষয়টি খুব একটা আশাব্যঞ্জক নয়।’
পরে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন জানায়, এমবাপ্পের টেন্ডনে চোট লেগেছে এবং চলমান আন্তর্জাতিক ক্যাম্পের বাকি অংশে তিনি আর খেলতে পারবেন না।
জিদানের প্রথম একাদশে বাঁ প্রান্তে খেলানো হয়েছিল এমবাপ্পেকে। অন্য প্রান্তে ছিলেন অলিসে। আক্রমণভাগে তাদের সঙ্গে ছিলেন উসমান দেম্বেলে ও রায়ান শেরকি।
প্রথমার্ধের শেষ দিকে অলিসের বাঁকানো শট দারুণভাবে ঠেকান তুরস্কের গোলকিপার উগুরচান চাকির। পরে রাবিওতও সুযোগ পেয়েছিলেন, তবে তার শট চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।
ম্যাচের শেষ দিকে তুরস্ক ১০ জনের দলে পরিণত হয়। বক্সের বাইরে হাতে বল স্পর্শ করায় লাল কার্ড দেখেন গোলকিপার উগুরচান চাখির। তবে ম্যাচে সমতা ফেরাতে পারেনি স্বাগতিকরা।
ফ্রান্সের ডাগআউটে অভিষেক ম্যাচে জয় পেয়ে সন্তুষ্ট জিদান। মাত্র তিন-চারটি অনুশীলন সেশনের পর এমন জয় দলকে সামনে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস দেবে বলে মনে করেন তিনি।
ফ্রান্সের কোচ বলেন, ‘আমরা এই জয় নিয়ে সত্যিই খুশি। মাত্র তিন-চারটি অনুশীলন সেশনের পর এমন জয় আমাদের জন্য ভালো বার্তা দিচ্ছে।’