সাফে অবশেষে রোনান সুলিভানকে পাচ্ছে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে নম্বর নাইন পজিশনে কে খেলবেন, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন কোচ থমাস ডুলি। সেই অনিশ্চয়তা কাটছে অবশেষে। যুক্তরাষ্ট্র প্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভানকে সাফে পাচ্ছে বাংলাদেশ। গত এপ্রিলে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তরুণ এবার প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে মাঠে নামার অপেক্ষায়। টুর্নামেন্টে তার খেলা নিয়ে শুরুতে শঙ্কা থাকলেও বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন কোচ থমাস ডুলি।

আগামী ৪ নভেম্বর ঢাকায় শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ঘরের মাঠের এই টুর্নামেন্টে দীর্ঘদিন ধরেই একজন স্বীকৃত স্ট্রাইকারের অভাব অনুভব করছে বাংলাদেশ। রোনানের অন্তর্ভুক্তিতে সেই ঘাটতি কিছুটা পূরণের আশা করছে দল। তাকে পাওয়া নিয়ে ডুলি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘রোনানকে সাফে পাওয়া যাবে এটা নিশ্চিত। তবে ডেকলানকে পাওয়া যাবে না। ওকে পরের কোনও আসরে দেখা যাবে।’

এদিকে বাফুফে ভবনে সাংবাদিকদের ফাহাদ করিমও রোনানের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, আজকেই আমাকে সে কনফার্ম করেছে যে ইনশাআল্লাহ সে (রোনান) আসতে পারবে। ১৮ অক্টোবর খেলোয়াড় তালিকা নিবন্ধনের শেষ দিন। আমরা তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করবো।’

গত এপ্রিলে মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে দল। পুরো টুর্নামেন্টেই নজর কেড়েছিলেন রোনান। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ফ্রি-কিক ও হেড থেকে দুটি গোল করে বাংলাদেশকে ২-০ ব্যবধানে জেতান তিনি। ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারেও গোল করেন এই ফরোয়ার্ড।

আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। ফিফার নিষেধাজ্ঞার কারণে নেপাল অংশ নিতে না পারায় এবার খেলছে ৬টি দল। ড্র অনুযায়ী, ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। ‘বি’ গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, মালদ্বীপ ও পাকিস্তান।

গ্রুপ পর্ব শেষে ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। ফাইনাল হবে ১৭ নভেম্বর।