তরুণদের ‘নিজেদের ওপর বিশ্বাস রাখো’ মন্ত্র দিয়ে চ্যাম্পিয়ন মুসা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৬, ০২:১০ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০২:১১

ফাইনালে শুরুতে পিছিয়ে পড়েও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সাফের দশম শিরোপা জিতেছে ভারত। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার পর নিজের কৌশলের কথাই তুলে ধরেছেন নওশাদ মুসা।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচশেষে ভারতীয় কোচ বলেন, ‘আমরা যখন ভারত থেকে রওনা দিই, আমি শুধু খেলোয়াড়দের একটি কথাই বলেছিলাম—নিজেদের ওপর বিশ্বাস রাখো, তাহলে কোনও কিছুই তোমাদের থামাতে পারবে না। জাতীয় দলের কোচ হিসেবে এটি আমার প্রথম ট্রফি। তাই বুঝতেই পারছেন, এটি আমার জন্য সত্যিই বিশেষ কিছু।’

দল গঠন করতে গিয়ে যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল, সেটিও জানিয়েছেন মুসা। ভারতে তখনকার পরিস্থিতিতে প্রথম ম্যাচের জন্য সেরা ১৮ জন খেলোয়াড় নির্বাচন করাই তার জন্য কঠিন হয়ে পড়েছিল। ফলে তরুণদের ওপর আস্থা রাখা ছাড়া উপায় ছিল না।

মুসার ভাষায়, ‘ভারতে যেভাবে সবকিছু ঘটছিল, তাতে খেলোয়াড় বাছাই করা আমার জন্য একটু কঠিন ছিল। প্রথম ম্যাচের জন্য ১৮ জন খেলোয়াড় পাওয়াটাই কঠিন হয়ে যাচ্ছিল। তাই তরুণদের ওপর বিশ্বাস রাখতে হয়েছিল। ছেলেদের ওপর আস্থা রাখা এবং তাদের এখানে নিয়ে আসাটা আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল।’

এই তরুণদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন সুহাইল ভাট। ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) চলতি মৌসুমে খুব একটা খেলার সুযোগ পাননি তিনি। অথচ সাফে চার গোল করে হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কারও। পাকিস্তানের বিপক্ষে ফাইনালে ভারতের সমতাসূচক গোলটিও এসেছে তার পা থেকে।

সুহাইলের এই বদলে যাওয়ার পেছনে নিজের ভূমিকার কথাও তুলে ধরেছেন মুসা। জানিয়েছেন, দীর্ঘদিন পর পুরো ৯০ মিনিট খেলার চ্যালেঞ্জ নিতে হয়েছিল এই তরুণকে। প্রথম ম্যাচে ৫০-৫৫ মিনিটের মধ্যেই মাঠ ছাড়তে চেয়েছিলেন তিনি। কিন্তু হাল না ছাড়ার বার্তা দিয়েছিলেন কোচ।

মুসা বলেন, ‘তিন বছরের মধ্যে এই প্রথম সে ৯০ মিনিট খেলেছে। প্রথম ম্যাচের দিকে তাকালে দেখবেন, ৫০-৫৫ মিনিটের মাথায় সে মাঠ ছাড়তে চেয়েছিল। বলেছিল, সে আর পারবে না। আমি তাকে শুধু বলেছিলাম, হাল ছেড়ো না, চেষ্টা চালিয়ে যাও। আজ তাকে দেখুন, তিন ম্যাচেই পুরো ৯০ মিনিট খেলেছে।’

তরুণদের প্রতি নিজের বিশ্বাসের কথা আবারও মনে করিয়ে দিয়েছেন ভারতীয় কোচ। তার মতে, খেলোয়াড়দের সামর্থ্যের ওপর আস্থা রাখাই সাফল্যের অন্যতম চাবিকাঠি। দ্বিতীয়ার্ধে মাঠে নামার আগে ড্রেসিংরুমেও একই বার্তা দিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত কোচের সেই বিশ্বাসের প্রতিদান দিয়েছে তরুণ ভারতীয় দল—জিতেছে সাফের দশম শিরোপা।

/টিএ/আইএএম/
সম্পর্কিত
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
২০০৩ সাফজয়ী সেই ১১ ফুটবলার এখন কে কোথায়?
ঢাকার মঞ্চে ভারত-পাকিস্তান, কার হাতে উঠবে সাফ ট্রফি?
সর্বশেষ খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে ককটেল বিস্ফোরণ, প্রক্টরকে হুমকি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে ককটেল বিস্ফোরণ, প্রক্টরকে হুমকি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার
যাত্রাবাড়ীতে ফ্লাইওভার থেকে নিচে ছোড়া দুই ককটেল বিস্ফোরণ
যাত্রাবাড়ীতে ফ্লাইওভার থেকে নিচে ছোড়া দুই ককটেল বিস্ফোরণ
গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
রামপুরায় পুলিশ বক্সের সামনে বাসে আগুন
রামপুরায় পুলিশ বক্সের সামনে বাসে আগুন
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক