৪ মিনিটে মেসির দুই গোলের জাদুতে মায়ামির জয়

শনিবার রাতে দ্বিতীয়ার্ধে ৪ মিনিটের ব্যবধানে মেসির দুটি গোল এবং প্রথমার্ধের একটি অ্যাসিস্টের ওপর ভর করে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ৩-১ ব্যবধানের সহজ জয় পেয়েছে ইন্টার মায়ামি।

প্রথমার্ধের শেষ মিনিটে মেসি ও লুইস সুয়ারেজের অ্যাসিস্ট থেকে হেরমান বেরতেরামে তার প্রথম ২৬টি এমএলএস ম্যাচে নবম গোল করার আগে পর্যন্ত কোনও দলই গোল করতে পারেনি।

মেসি তার ১৫তম অ্যাসিস্টের মাধ্যমে লস অ্যাঞ্জেলেস এফসি-র সন হিউং-মিন-এর সঙ্গে যৌথভাবে লিগে শীর্ষ অ্যাসিস্টদাতার তালিকায় স্থান করে নিয়েছেন। এর মাধ্যমে তিনি লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিন মৌসুমে অন্তত ১৫টি করে অ্যাসিস্ট করার কীর্তি গড়লেন।

এরপর ৫৬ ও ৬০ মিনিটে মেসি তার লিগসেরা ২৪তম ও ২৫তম গোল দুটি করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন। দুটি গোলেই অ্যাসিস্ট করেন বেরতেরামে। 

গত মৌসুমে ২৯টি গোল করে গোল্ডেন বুট পুরস্কার জিতেছিলেন মেসি। তিনি এবং জোসেফ মার্তিনেজই লিগের ইতিহাসে একমাত্র খেলোয়াড়, যারা নিয়মিত মৌসুমে দুবার অন্তত ২৫টি করে গোল করেছেন। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে মেসির মোট অবদান (গোল কন্ট্রিবিউশন) এখন ৪০টি, যা ২০১৯ সালে লস অ্যাঞ্জেলেস এফসি-র হয়ে কার্লোস ভেলার গড়া রেকর্ডের চেয়ে ৯টি কম। আর এটি ভাঙার জন্য মায়ামি কিংবদন্তির হাতে এখনও চারটি ম্যাচ বাকি রয়েছে।

বেরতেরামের অ্যাসিস্ট সংখ্যা এখন ৮টি এবং সুয়ারেজ তার ক্যারিয়ার সেরা ১১তম অ্যাসিস্ট অর্জন করেছেন।

ম্যাচের ৮৯ মিনিটে ফাফা পিকোল্ট পেনাল্টি থেকে গোল করলে ডেইন সেন্ট ক্লেয়ার দুটি সেভ করেও ক্লিন শিট রাখার সুযোগ হারান।

আটলান্টা ইউনাইটেডের হয়ে লুকাস হোয়োস দুটি শট সেভ করেন। সেপ্টেম্বরের শুরুতে ঘরের মাঠে ইন্টার মায়ামির সঙ্গে ২-২ ড্র করেছিল আটলান্টা।