আজারবাইজানে বিশ্বকাপ, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের

বিশ্বমঞ্চে প্রতিপক্ষের নাম ওয়েলস কিংবা পর্তুগাল তাতে ভয় পাচ্ছে না বাংলাদেশের কিশোর ফুটবলাররা। বরং প্রথমবারের মতো বৈশ্বিক পরিসরে আয়োজিত ফিফা অনূর্ধ্ব-১৫ ফুটবল উৎসবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই আজারবাইজানে যাচ্ছে বাংলাদেশ দল। অধিনায়ক ফাহিম হাসানের প্রত্যাশা, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষেও লড়াই করা সম্ভব।

চলতি মাসের শেষ দিকে আজারবাইজানে অনুষ্ঠিত হবে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ। এতে অংশ নেবে ১৯১টি দেশ। দলগুলোকে ভাগ করা হয়েছে ৩২টি গ্রুপে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল উঠবে নকআউট পর্বে। আর গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারা দলগুলো খেলবে প্লেট পর্বে।

বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েলস, পর্তুগাল, বুরুন্ডি, ইন্দোনেশিয়া ও ফিজি। বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে আজ সংবাদ সম্মেলনে অধিনায়ক ফাহিম হাসান বলেছেন, ‘আমাদের প্রথম লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। গ্রুপে সেরা হওয়ার জন্যই লড়ব।’

সংবাদ সম্মেলনের ছবি।গ্রুপে ওয়েলস ও পর্তুগালের মতো দলের উপস্থিতি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। তবে প্রতিপক্ষের নাম নিয়ে বাড়তি চাপ নিতে চান না ফাহিম। তার কথায়, ‘আমাদের প্রস্তুতি ভালোই হয়েছে। আমরা তাদের বিপক্ষে লড়াই করব।’

এই উৎসবের ম্যাচগুলো হবে ২০ মিনিট করে দুই অর্ধে, আটজনের দল নিয়ে। ২৫ ও ২৬ অক্টোবর প্রতিদিন দুটি করে ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। এক দিনে দুটি ম্যাচ খেলার চ্যালেঞ্জ সম্পর্কে আগে থেকেই জানত দল। সেই অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কোচ আকবর হোসেন রিদন।

তিনি বলেছেন, ‘এক দিনে দুটি খেলা থাকবে, সেটা আমাদের জানা ছিল। ওই অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। প্রায় তিন মাস দলের অনুশীলন হয়েছে।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নিজেও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক। বাফুফে ভবনে বিশ্বকাপগামী ফুটবলারদের উৎসাহ দিতে গিয়ে নিজের স্মৃতিও তুলে ধরেন তিনি। তরুণদের সামনে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রমাণের সুযোগকে বড় অর্জন হিসেবে দেখছেন প্রতিমন্ত্রী।

আমিনুল হক বলেছেন, ‘এই ভবন ও ফুটবল আমার অস্তিত্ব। তোমাদের মতো আমিও এ রকম চেয়ারে বসতাম। তোমরাই সামনে জাতীয় দলে খেলবে। ওয়েলস, পর্তুগালের মতো দলের সঙ্গে খেলার সুযোগ পাওয়া অনেক বড় ব্যাপার।’

বিশ্বকাপের আগে দলের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের বিষয়টিও সামনে এনেছে বাংলাদেশ। অধিনায়ক ফাহিম দলের সবার জন্য ভালো মানের বুটের অনুরোধ জানান প্রতিমন্ত্রীর কাছে। জবাবে দলের সব খেলোয়াড়কে বুট এবং দুই গোলরক্ষকের জন্য উন্নত মানের গ্লাভস উপহার দেওয়ার ঘোষণা দেন আমিনুল হক। বিশ্বকাপে ভালো ফল করতে পারলে আরও সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি।