ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে চমক দেখিয়েছে বাংলাদেশ। আজ শনিবার (২৪ অক্টোবর) ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে আকবর হোসেন রিদনের দল। আজারবাইজানের বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে দুই দলের কেউই গোলের দেখা পায়নি।
ফিফার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ১৯১টি দেশের দল। আটজনের দল নিয়ে বিশেষ এই আসরে ৬৮ মিটার দৈর্ঘ্য ও ৪৮ মিটার প্রস্থের মাঠে হচ্ছে খেলা হচ্ছে। প্রতিটি ম্যাচের দুই অর্ধ ২০ মিনিট করে। বাংলাদেশ ‘জি’ গ্রুপে রয়েছে। গ্রুপে তাদের প্রতিপক্ষ পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি ও বুরুন্ডি। গ্রুপের অন্য ম্যাচে বুরুন্ডিকে ১-০ গোলে হারিয়েছে পর্তুগাল। এক ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে পর্তুগাল। এক ম্যাচে ১ পয়েন্ট করে নিয়ে টেবিলের দুই ও তিন নম্বরে যথাক্রমে বাংলাদেশ, ওয়েলস।
গ্রুপের অন্য ম্যাচে লড়ছে ফিজি ও ইন্দোনেশিয়া। বাংলাদেশ দলের গোলকিপার শ্রীনাথ সরকার ম্যাচ শেষে বলেছেন, আজকে আমাদের প্রথম ম্যাচ ওয়েলসের বিপক্ষে খেলেছি। তারা আমাদের থেকে ফিজিক্যালি অনেক ভালো। এই হিসাবে আমরা অনেক ভালো খেলছি। এই ম্যাচটি আমি নিজের থেকে ক্লিন শিট রাখার চেষ্টা করেছি, পরবর্তী ম্যাচগুলা ক্লিন শিট রাখবো। আমাদের ম্যাচ বাই ম্যাচ আমরা খেলছি। এই হিসাবে আমাদের টিম ভালো খেলতেছে, আপনারা দোয়া করবেন।
২৫ ও ২৬ অক্টোবর দুটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ। দিনের প্রথম ম্যাচে কাল বাংলাদেশের প্রতিপক্ষ পর্তুগাল। এরপর ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্স ও বাকু ক্রিস্টাল হলে।