মেসিবিহীন ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। নভেম্বরের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। এর মধ্যে ১৩ নভেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী উরুগুয়ে এবং ১৭ নভেম্বর কোস্টারিকার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।

ম্যাচ দুটির ভেন্যুও চূড়ান্ত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ১৩ নভেম্বর বুয়েনস এইরেসের বিখ্যাত লা বোম্বোনেরা স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও উরুগুয়ে। চার দিন পর ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। ফলে বছরের শেষ দিকে আর্জেন্টিনার কোনও প্রীতি ম্যাচ হচ্ছে না মনুমেন্তাল স্টেডিয়ামে।

বেনিনের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে মেসির বিদায়ের পর এই প্রথম তাকে ছাড়া খেলতে নামবে আর্জেন্টিনা। আগামী কয়েক দিনের মধ্যেই দুই ম্যাচের জন্য দল ঘোষণা করার কথা স্কালোনির।

তবে বোকা জুনিয়র্সের হয়ে কোপা সুদামেরিকানার ফাইনালের প্রস্তুতিতে ব্যস্ত থাকায় দলে থাকছেন না মিল্টন দেলগাদো ও লিওনেল ফ্লোরেস। আগামী ২১ নভেম্বর বারাঙ্কিয়ায় আতলেতিকো মিনেইরোর বিপক্ষে ফাইনাল খেলবে বোকা জুনিয়র্স। 

এদিকে স্পেনের খেলোয়াড়দের সঙ্গে বিশ্বকাপ ফাইনালের পরের ঘটনায় পাওয়া নিষেধাজ্ঞার বাকি অংশ ভোগ করতে হবে লিয়ান্দ্রো পারেদেসকে। তাই তিনিও থাকছেন না এই দুই ম্যাচে।

বিদেশি লিগে খেলা ফুটবলারদের মধ্যে লাওতারো মার্তিনেজের খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুগের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন তিনি। তবে এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ নিজেই জানিয়েছেন, এই দুই ম্যাচে তিনি আর্জেন্টিনার হয়ে খেলবেন।

উরুগুয়ের বিপক্ষে লা বোম্বোনেরায় ফিরছে আর্জেন্টিনা। ২০২৩ সালের ১৬ নভেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এই মাঠেই আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছিল উরুগুয়ে।

চলতি বছর এরই মধ্যে বোকা জুনিয়র্সের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। জাম্বিয়া ও মৌরিতানিয়ার বিপক্ষে সেই ম্যাচ দুটি ছিল ২০২৬ বিশ্বকাপের আগে দেশের মাটিতে সমর্থকদের সঙ্গে দলের বিদায়ী আয়োজন।

অপরদিকে কেম্পেস স্টেডিয়ামেও এ বছর খেলেছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরে সেখানে বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা। এবার সেই মাঠেই কোস্টারিকার বিপক্ষে খেলবে তারা।