এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারিয়ে যখন জয়ের আনন্দে মেতেছিল রিয়াল মাদ্রিদ, তখনই চোরের হানা পড়ে দলটির ডিফেন্ডার এদের মিলিতাওয়ের বাড়িতে। ব্রাজিলিয়ান এই ফুটবলারের বাড়ি থেকে ঘড়ি ও গয়নাসহ প্রায় ৩ লাখ ৫০ হাজার ইউরো মূল্যের সামগ্রী চুরি হয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম এল মুন্দো শনিবার এ তথ্য জানিয়েছে।
রবিবার বার্সেলোনার বিপক্ষে রিয়ালের ২-১ গোলের জয়ের সময় মিলিতাও ছিলেন বেঞ্চে। সেই সুযোগে তার বাড়ির তৃতীয় তলার বাথরুমের জানালা দিয়ে ভেতরে ঢোকে দুর্বৃত্তরা। এরপর তছনছ করা হয় তার শোবার ঘর। সেখান থেকে তারা ব্যাগ, ঘড়ি ও গয়না নিয়ে পালিয়ে যায়।
ঘটনার সময় বাড়ির নিচতলায় ছিলেন মিলিতাওয়ের পরিবারের সদস্যরা। তারা টেলিভিশনে এল ক্লাসিকো দেখছিলেন। তবে বাড়ির ভেতরে চুরির ঘটনা ঘটলেও সন্দেহজনক কিছু তাদের নজরে আসেনি।
স্পেনে সাম্প্রতিক বছরগুলোতে তারকা ফুটবলারদের বাড়িতে চুরির ঘটনা বেড়েছে।