রোনানকে হারানো ‘বড় ক্ষতি’ বলছেন বাংলাদেশ কোচ

সাফ চ্যাম্পিয়নশিপের আগে বাংলাদেশ দলের আক্রমণভাগে নির্ভরযোগ্য স্ট্রাইকারের অভাব ভাবাচ্ছে কোচ টমাস ডুলিকে। যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভানকে শেষ মুহূর্তে চোটের কারণে না পাওয়াকে দলের জন্য বড় ক্ষতি হিসেবেই দেখছেন আমেরিকান-জার্মান এই কোচ। এখন দলের মধ্য থেকেই একজনকে ‘নম্বর নাইন’ হিসেবে তৈরি করার পরিকল্পনা তার।

রোনানকে না পাওয়াটা দলের জন্য বড় ধাক্কা কি না, এমন প্রশ্নে ডুলি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমারও তা-ই মনে হয়। এখন বিকল্প বলতে দলের মধ্যে যারা আছে, তাদের মধ্য থেকেই আমাদের একজন নম্বর নাইন তৈরি করতে হবে।’

সাফের প্রস্তুতি নিয়েও এখন পর্যন্ত পুরোপুরি সন্তুষ্ট হওয়ার সুযোগ পাননি কোচ। শুরুতে সব খেলোয়াড়কে একসঙ্গে পাননি তিনি। কয়েকজন ছিলেন চোটে, আবার বাকিরাও একই সময়ে দলের সঙ্গে যোগ দিতে পারেননি। ফলে পূর্ণাঙ্গ দল নিয়ে অনুশীলনের সুযোগ হয়নি।

এর আগে প্রস্তুতির অংশ হিসেবে অনুশীলন ম্যাচ খেলার কথা জানিয়েছিলেন কোচ। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে এসেছেন তিনি। কারণ, তখনও কয়েকজন খেলোয়াড় চোটে ছিলেন। পূর্ণাঙ্গ দল না পাওয়ায় ম্যাচ খেলার ঝুঁকি নিতে চাননি ডুলি।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘না, ম্যাচ খেলা হচ্ছে না। কারণ, তখনও কয়েকজন খেলোয়াড় চোটে ছিল। সবাই দলে ছিল না, আমাদের পূর্ণাঙ্গ দলও তৈরি হয়নি। তাই আমরা অনুশীলনে খেলোয়াড়দের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছি, যেন তারা চোটে না পড়ে।’

সাফের আগে এখন কোচের প্রধান লক্ষ্য দলের খেলোয়াড়দের ফিট রাখা। একই সঙ্গে রোনানের অনুপস্থিতিতে আক্রমণভাগে কার্যকর একজন স্ট্রাইকার খুঁজে বের করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।