জার্সি বিক্রিতে মেসিকে টপকালেন লেভানডোভস্কি, আছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভানও

মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দিয়েই নিজের জনপ্রিয়তার জানান দিয়েছেন রবার্ট লেভানডোভস্কি। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ভক্তদের আগ্রহেও বড় প্রভাব ফেলেছেন পোলিশ স্ট্রাইকার। জুনে যুক্তরাষ্ট্রের লিগে পা রাখার পর থেকে তার শিকাগো ফায়ারের জার্সি বিক্রি ছাড়িয়ে গেছে লিওনেল মেসির ইন্টার মায়ামির জার্সিকেও!

তবে পুরো বছরের হিসাবে জার্সি বিক্রির শীর্ষস্থান ধরে রেখেছেন মেসিই। মঙ্গলবার ২০২৬ সালের সর্বাধিক বিক্রীত জার্সির তালিকা প্রকাশ করেছে এমএলএস। সেখানে টানা চতুর্থ মৌসুমের মতো শীর্ষে আছেন আর্জেন্টাইন মহাতারকা।

এমএলএসের অনলাইন স্টোরে ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত জার্সি বিক্রির হিসাব ধরে তৈরি হয়েছে সেরা ১০-এর এই তালিকা। লেভানডোভস্কি ২৯ জুন আনুষ্ঠানিকভাবে শিকাগো ফায়ারে যোগ দেন। ২২ জুলাই ইন্টার মায়ামির বিপক্ষে ম্যাচ দিয়ে তার এমএলএস অভিষেক হয়। এরপর ১৮ ম্যাচে সাত গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে পাঁচটি গোল করিয়েছেন তিনি।

লেভানডোভস্কির পারফরম্যান্সে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে শিকাগো ফায়ার। প্লে-অফেও জায়গা করে নিয়েছে দলটি।

তবে সামগ্রিক জার্সি বিক্রিতে মেসির আধিপত্য অক্ষুণ্ন। ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো জার্সি বিক্রির তালিকায় শীর্ষে উঠেছিলেন তিনি। এরপর টানা চার মৌসুম ধরে এক নম্বর জায়গাটি ধরে রেখেছেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই ফুটবলার।

মেসির পর দ্বিতীয় স্থানে আছেন এলএ এফসির ফরোয়ার্ড সন হিউং-মিন। তৃতীয় হয়েছেন ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের থমাস মুলার। লেভানডোভস্কির অবস্থান চতুর্থ।

তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন অরল্যান্ডো সিটির নতুন সংযোজন আন্তোয়ান গ্রিজম্যান। মার্চে তার ক্লাবে যোগ দেওয়ার ঘোষণা আসে। অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে ২০২৫-২৬ মৌসুম শেষ করার পর জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে এমএলএসে যোগ দেন ফরাসি ফরোয়ার্ড।

সেরা দশে জায়গা পেয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের ১৭ বছর বয়সী তরুণ কাভান সুলিভানও। গত মাসে মেক্সিকোর বিপক্ষে গোল করে যুক্তরাষ্ট্রের পুরুষ জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলদাতা হওয়ার কীর্তি গড়েছিলেন তিনি। তালিকায় তার অবস্থান ষষ্ঠ।

২০২৬ সালে এমএলএসে সর্বাধিক বিক্রীত ১০ জার্সি

১. লিওনেল মেসি — ইন্টার মায়ামি
২. সন হিউং-মিন — এলএএফসি
৩. থমাস মুলার — ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস
৪. রবার্ট লেভানডোভস্কি — শিকাগো ফায়ার
৫. আঁতোয়ান গ্রিজম্যান — অরল্যান্ডো সিটি
৬. কাভান সুলিভান — ফিলাডেলফিয়া ইউনিয়ন
৭. দেনিস বুয়াঙ্গা — এলএএফসি
৮. লুইস সুয়ারেজ — ইন্টার মায়ামি
৯. হানি মুখতার — ন্যাশভিল এসসি
১০. রদ্রিগো দি পল — ইন্টার মায়ামি