গানের তালে নাচলো টেকনোর রোবট। সাদা-কালো ডোরাকাটা পোশাকে নৃত্যশিল্পীদের পরিবেশনায় জমে উঠলো মঞ্চও। আর ডিজে সংগীতের তালে নাচের পাশাপাশি গান গেয়ে দর্শকদের মাতালেন ২০২৬ ফুটবল বিশ্বকাপে পারফর্ম করা সঞ্জয় দেব ও তার সহশিল্পীরা। একের পর এক জনপ্রিয় গানে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো স্টেডিয়ামে।
নাচ, গান ও প্রযুক্তির মেলবন্ধনে এভাবেই বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে সাফ চ্যাম্পিয়নশিপের। উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল টেকনোর রোবটের নাচ। সংগীতের তালে রোবটটির ছন্দময় পরিবেশনা দর্শকদের বাড়তি আনন্দ দিয়েছে। এছাড়া সাফের উদ্বোধনী আয়োজনে থিম সং গেয়ে মঞ্চ মাতান দোলা ও শুভ।
নৃত্যশিল্পীদের পরিবেশনা আর শিল্পীদের গানে গ্যালারিতে তৈরি হয় উৎসবের আবহ। পুরো আয়োজনজুড়েই দর্শকদের মধ্যে ছিল উচ্ছ্বাস। সাংস্কৃতিক পরিবেশনা শেষে আতশবাজির ঝলকে রঙিন হয়ে ওঠে ঢাকার আকাশ। আলোর ঝলকানিতে শেষ হয় সাফের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।
ফুটবলের মাঠের লড়াই শুরুর আগে জমকালো এই আয়োজন দক্ষিণ এশিয়ার ফুটবল উৎসবে যোগ করেছে বাড়তি মাত্রা।