রোনালদোকে থাকতে বলেছিলেন জেসুস, মানলেন অবসরের সিদ্ধান্ত

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। ২৩ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন পর্তুগিজ মহাতারকা। তার এই সিদ্ধান্তে হতাশ হলেও সেটিকে সম্মান জানাচ্ছেন পর্তুগালের কোচ জর্জ জেসুস।

রোনালদোকে জাতীয় দলে আরও কিছুদিন খেলার অনুরোধ করেছিলেন বলে জানিয়েছেন জেসুস। তবে শেষ পর্যন্ত তার সিদ্ধান্ত মেনে নিতে হচ্ছে পর্তুগিজ কোচকে।

ক্যানাল ১১-কে দেওয়া সাক্ষাৎকারে জেসুস বলেন, ক্রিস্তিয়ানো বিশ্ব ফুটবলের আইকন, পর্তুগাল ও জাতীয় দলেরও আইকন। এত বছর ধরে সে জাতীয় দলকে অনেক কিছু দিয়েছে। তরুণ পর্তুগিজদের কাছে সে একজন আদর্শ।

রোনালদোর সঙ্গে সৌদি ক্লাব আল নাসরে এক বছর কাজ করার অভিজ্ঞতাও তুলে ধরেছেন জেসুস। তার ভাষায়, আল নাসরে তার সঙ্গে এক বছর কাজ করার সুযোগ হয়েছিল আমার। সে সব সময় আমাদের জাতীয় দল, জনগণ ও ইতিহাসের অংশ হয়ে থাকবে।

রোনালদোর প্রতি শ্রদ্ধা জানাতে পর্তুগাল ফুটবল ফেডারেশনের অডিটোরিয়ামে তার বড় একটি ছবি স্থাপন করা হয়েছে বলেও জানিয়েছেন কোচ। যাতে তরুণ ফুটবলাররা প্রতিদিন তাকে দেখে অনুপ্রাণিত হতে পারেন।

রোনালদোর অবসরের সিদ্ধান্ত নিয়ে জেসুস বলেন, এটা সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্ত। প্রথম দল ঘোষণার আগেই আমাদের এ নিয়ে কথা হয়েছিল। আমি তাকে চালিয়ে যেতে বলেছিলাম। কারণ, তাকে আমার পাশে প্রয়োজন ছিল। তবে আমাকে তার সিদ্ধান্ত মেনে নিতে হবে।

৪১ বছর বয়সী রোনালদো পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন। দেশের হয়ে ২০১৬ সালের ইউরো ও ২০১৯ এবং ২০২৫ সালের উয়েফা নেশনস লিগ জিতেছেন তিনি।

রোনালদোর বিদায়কে ঘিরে পর্তুগাল ফুটবলে আবেগের আবহ তৈরি হয়েছে। তবে জেসুসের বক্তব্যে পরিষ্কার, জাতীয় দলের জার্সিতে আর না খেললেও পর্তুগিজ ফুটবলে রোনালদোর অবদান ও অবস্থান অমলিন থাকবে।