স্পোর্টিং থেকে আল নাসর, যেভাবে কিংবদন্তি হয়ে উঠলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
০৬ নভেম্বর ২০২৬, ০৮:০০ আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৫

স্পোর্টিং লিসবনের তরুণ প্রতিভা থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস হয়ে আল নাসর। দীর্ঘ এই পথচলায় একের পর এক ইতিহাস লিখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। অবিশ্বাস্য সব কীর্তিতে নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তির উচ্চতায়। পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পর এখন তার সামনে নতুন এক মাইলফলক। ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক পূরণ। লক্ষ্য থেকে মাত্র ১৫ গোল দূরে দাঁড়িয়ে থাকা এই মহাতারকার বর্ণাঢ্য ক্যারিয়ারের স্মরণীয় কিছু মুহূর্ত একবার দেখে নেওয়া যাক-

যে প্রীতি ম্যাচ বদলে দিয়েছিল সব

স্পোর্টিং লিসবনের মূল দলের হয়ে ৩১ ম্যাচে পাঁচ গোল করার পর ২০০৩ সালে প্রাক-মৌসুমের একটি প্রীতি ম্যাচে নজর কাড়েন ম্যানচেস্টার ইউনাইটেডের। লিসবনে অনুষ্ঠিত ম্যাচটিতে স্পোর্টিংয়ের কাছে ৩-১ গোলে হেরেছিল ইউনাইটেড। তবে রোনালদোর পারফরম্যান্স ছিল নজরকাড়া। দুটি গোলে অবদান রেখেছিলেন তিনি।

রোনালদো পরে জানিয়েছিলেন, ম্যাচ শেষে ইউনাইটেডের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন তাকে খেলোয়াড়দের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ড্রেসিংরুমে নিয়ে গিয়েছিলেন।

এর পাঁচ দিন পর ১ কোটি ২০ লাখ পাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন তিনি।

ফার্গুসন বলেছিলেন, ‘স্পোর্টিংয়ের বিপক্ষে খেলার পর ড্রেসিংরুমে ছেলেরা সারাক্ষণ তাকে নিয়ে কথা বলছিল। ম্যাচ শেষে বিমানে ফেরার সময়ও তারা আমাকে তাকে দলে নেওয়ার জন্য অনুরোধ করেছিল। তার প্রতি তাদের এতটাই আস্থা ছিল।’

তিনি আরও বলেন, ‘আমার দেখা সবচেয়ে রোমাঞ্চকর তরুণ খেলোয়াড়দের একজন সে (রোনালদো)।’

প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা জয় (২০০৭)

ম্যানচেস্টার ইউনাইটেডে প্রথম মৌসুমেই এফএ কাপ জিতেছিলেন রোনালদো। মিলওয়ালের বিপক্ষে ফাইনালেও গোল করেছিলেন তিনি।

তবে ২০০৬-০৭ মৌসুমে তার ক্যারিয়ারে বড় পরিবর্তন আসে। প্রিমিয়ার লিগে করেন ১৭ গোল। ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো মৌসুমে দুই অঙ্কের ঘরে গোল করেন তিনি। ওই মৌসুমে বর্ষসেরা খেলোয়াড় ও বর্ষসেরা তরুণ খেলোয়াড়; দুই পুরস্কারই জেতেন তিনি। একই সঙ্গে প্রথমবারের মতো লিগ শিরোপার স্বাদ পান।

পরের মৌসুমটি আরও দুর্দান্ত কাটে তার। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতেন, ফাইনালে গোলও করেন। ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে প্রথমবার জেতেন ইউরোপিয়ান গোল্ডেন শু। পাশাপাশি আরেকটি লিগ শিরোপাও যোগ হয় তার অর্জনে।

পোর্তোর বিপক্ষে অবিশ্বাস্য গোল, পুসকাস পুরস্কার (২০০৯)

রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে প্রথম মেয়াদে ২৯২ ম্যাচে ১১৮ গোল করেছিলেন। তবে তার সব গোলের মধ্যে একটিকে আলাদা করে রাখা যায়।

নিজের দেশ পর্তুগালে পোর্তোর বিপক্ষে প্রায় ৪০ গজ দূর থেকে দুর্দান্ত এক শটে বল জালে পাঠান তিনি। গোলটি দলকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তুলে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বছরের সেরা গোলের জন্য প্রথমবার দেওয়া ফিফা পুসকাস পুরস্কার জেতেন সেই গোলের সুবাদে।

এর কয়েক মাস পর ৮ কোটি পাউন্ডে রিয়াল মাদ্রিদে যোগ দেন রোনালদো।

কোপা দেল রে ফাইনালে বার্সেলোনার বিপক্ষে রোনালদোর জয়সূচক গোল (২০১১)

রিয়াল মাদ্রিদে রোনালদো প্রথম মৌসুমে কোনো ট্রফি জিততে পারেননি। দ্বিতীয় মৌসুমে দলটির অর্জন ছিল শুধু কোপা দেল রে।

তবে সেই ফাইনালটি ছিল বিশেষ কিছু। ক্যারিয়ারে প্রথমবার কোনো ফাইনালে জয়সূচক গোল করেছিলেন তিনি। প্রতিপক্ষ ছিল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ দিনের মধ্যে দুই দলের চারবার মুখোমুখি লড়াইয়ের একটি অংশ ছিল এই ম্যাচ।

অতিরিক্ত সময়ে অ্যাঞ্জেল দি মারিয়ার ক্রস থেকে বক্সের দূরের পোস্টে উঠে দুর্দান্ত হেডে গোল করেন রোনালদো। তার গোলে বার্সেলোনাকে ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে রিয়াল।

রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ গোলদাতা রোনালদো (২০১৫)

২০১৫ সালের অক্টোবরে লেভান্তের বিপক্ষে লা লিগার ম্যাচে গোল করেন ৩০ বছর বয়সী রোনালদো। ৩১০ ম্যাচে ৩২৪ গোল করে রিয়াল মাদ্রিদের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়ে যান তিনি।

২০১৫-১৬ মৌসুম ছিল টানা ষষ্ঠ মৌসুম, যেখানে সব প্রতিযোগিতা মিলিয়ে অন্তত ৫০ গোল করেছিলেন রোনালদো।

পরে নিজের এই রেকর্ড আরও ১২৬ গোল বাড়িয়ে নেন তিনি। রিয়াল মাদ্রিদ ছাড়ার সময় ৪৩৮ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়ায় ৪৫০।

ইউরো জয়ে রোনালদোর পূর্ণতা (২০১৬)

রোনালদোর ক্যারিয়ারে একমাত্র বড় অপূর্ণতা ছিল আন্তর্জাতিক পর্যায়ে শিরোপা জয়। ২০১৬ সালে সেই অপেক্ষার অবসান ঘটে। প্যারিসে ফাইনালে স্বাগতিক ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরো জেতে পর্তুগাল।

ফাইনালের প্রথমার্ধের মাঝামাঝি চোট পেয়ে কান্নায় মাঠ ছাড়তে হয়েছিল রোনালদোকে। তবে মাঠের বাইরে থেকে অনেকটা অনানুষ্ঠানিক কোচের ভূমিকায় দলকে উৎসাহ জুগিয়েছিলেন তিনি।

টুর্নামেন্টে তিন গোল ও তিন অ্যাসিস্ট করে জায়গা করে নেন আসরের সেরা একাদশে। আর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সর্বোচ্চ ১৪ গোলের মালিক হিসেবেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছেন রোনালদো। তবে আক্ষেপ হিসেবে থাকছে অধরা বিশ্বকাপ! 

পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর (২০১৭)

২০১৬-১৭ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জয়ের পর পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জেতেন রোনালদো। ওই মৌসুমে জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও দুটি গোল করেন তিনি।

এর আগে ২০০৮, ২০১৩, ২০১৪ ও ২০১৬ সালে বিশ্বের সেরা ফুটবলারের এই পুরস্কার জিতেছিলেন।

তবে ব্যক্তিগত পুরস্কারের লড়াইয়ে পরে এগিয়ে যান মেসি। আরও তিনবার ব্যালন ডি’অর জিতে দুজনের মধ্যকার ব্যবধান ৮-৫ করেন আর্জেন্টাইন তারকা।

চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলের মাইলফলক (২০১৭)

২০১৬-১৭ মৌসুমে বায়ার্ন মিউনিখের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে হ্যাটট্রিক করে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম খেলোয়াড় হিসেবে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেন রোনালদো।

এখন পর্যন্ত লিওনেল মেসি ও রবার্ট লেভানডোভস্কি ছাড়া আর কেউ এই শতগোলের ক্লাবে যোগ দিতে পারেননি।

ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় শেষ পর্যন্ত ১৮৭ ম্যাচে ১৪১ গোল করেছেন রোনালদো। ম্যাচ ও গোলের হিসেবে দুটিই প্রতিযোগিতাটির রেকর্ড। টানা ছয় মৌসুম চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা কিংবা যৌথ সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি।

জুভেন্টাসের বিপক্ষে মনে রাখার মতো বাইসাইকেল কিক (২০১৮)

২০১৮ সালে রোনালদোর ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় একটি মুহূর্ত আসে। অনেকের মতে, চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে করা সেরা গোলগুলোর একটি ছিল তা।

কোয়ার্টার ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে অবিশ্বাস্য এক বাইসাইকেল কিকে বল জালে পাঠান রোনালদো। বাতাসে অনেক উঁচুতে লাফিয়ে উঠে শরীর বাঁকিয়ে নেওয়া তার সেই শটটি ছিল দৃষ্টিনন্দন।

গোলটি দেখে জুভেন্টাসের সমর্থকেরাও দাঁড়িয়ে করতালি দিয়েছিলেন। অথচ কয়েক মাস পরই সেই ক্লাবে যোগ দেন রোনালদো।

গোলটি পুসকাস পুরস্কারের জন্য মনোনীত হলেও শেষ পর্যন্ত দ্বিতীয় হন তিনি। লিভারপুলের হয়ে এভারটনের বিপক্ষে মোহাম্মদ সালাহর করা গোলটি জেতে পুরস্কার।

পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগজয়ী প্রথম খেলোয়াড় (২০১৮)

রিয়াল মাদ্রিদের হয়ে দুটি লা লিগা ও দুটি কোপা দেল রে শিরোপা জিতেছিলেন রোনালদো। তবে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতাতেই নিজেকে কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি।

২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন। এরপর রিয়াল মাদ্রিদের হয়ে আরও চারবার এই শিরোপা জেতেন তিনি।

২০১৪ সালে প্রথমবার রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে টানা তিনবার শিরোপা জয়ের কীর্তি গড়েন। ২০১৮ সালের ফাইনালে গ্যারেথ বেলের দুর্দান্ত পারফরম্যান্স ও লরিস কারিয়াসের ভুলে লিভারপুলকে হারিয়ে রিয়ালের শিরোপা জয়ের মধ্য দিয়ে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগজয়ী প্রথম খেলোয়াড় হন রোনালদো।

তার বিদায়ের পর রিয়ালের সাবেক সতীর্থ টনি ক্রুস, দানি কারভাহাল, লুকা মদরিচ ও নাচো ছয়বার করে এই শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করেছেন।

পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড (২০২১)

১৯৯৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত ইরানের হয়ে ১০৯ গোল করেছিলেন আলি দাইয়ি। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে তার সর্বোচ্চ গোলের রেকর্ড হয়তো কখনো ভাঙবে না-এমনটাই মনে করা হতো।

কিন্তু ২০২১ সালে বিশ্বকাপ বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের শেষ দিকে দুটি হেডে গোল করে রেকর্ডটি নিজের করে নেন রোনালদো। তার গোলসংখ্যা দাঁড়ায় ১১১।

এরপরও গোল করে গেছেন তিনি। শেষ পর্যন্ত পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল ও সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন।

৯০০ গোলের মাইলফলক, সামনে এখন ১ হাজার (২০২৪)

জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেডে দ্বিতীয় মেয়াদ এবং আল নাসরের হয়ে গোলের পর গোল করে গেছেন রোনালদো। তবে ক্যারিয়ারের আগের সময়ের মতো অবিস্মরণীয় মুহূর্ত খুব বেশি তৈরি করতে পারেননি।

তবে ২০২৪ সালে ইতিহাস গড়েন তিনি। ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের হয়ে গোল করে পেশাদার ফুটবলে শীর্ষ পর্যায়ে ৯০০ গোল করা প্রথম খেলোয়াড় হন সিআরসেভেন।

এখন তার গোলসংখ্যা ৯৮৫। অর্থাৎ অবিশ্বাস্য ১ হাজার গোলের মাইলফলক থেকে মাত্র ১৫ গোল দূরে তিনি।

ক্লাব ও জাতীয় দলের হয়ে তার গোলের হিসাব-স্পোর্টিং লিসবনের হয়ে ৫টি, রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০টি, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫টি, জুভেন্টাসের হয়ে ১০১টি, আল নাসরের হয়ে ১৩৮টি এবং পর্তুগালের হয়ে ১৪৬টি।

সম্প্রতি ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্যের কথাও জানিয়েছেন রোনালদো।

তবে তার প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও পিছিয়ে নেই। সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা মেসির গোলসংখ্যা এখন ৯৩১।

 

/এফআইআর/
সম্পর্কিত
মেসির পর রোনালদো, শেষ হলো ফুটবলের এক মহাকাব্যিক অধ্যায়
রোনালদোকে যথাযথ স্বীকৃতি দিতে চায় পর্তুগাল
৫ মিনিটের ভিডিওতে রোনালদো যা বললেন 
সর্বশেষ খবর
লোকচক্ষুর আড়াল থেকে পর্যটকদের নজরে লাল কাঁকড়ার নির্জন সৈকত
লোকচক্ষুর আড়াল থেকে পর্যটকদের নজরে লাল কাঁকড়ার নির্জন সৈকত
স্বাদবদলে পেঁয়াজ-রসুন ছাড়াই বানিয়ে ফেলুন নিরামিষ ফুলকপির ভাপা
স্বাদবদলে পেঁয়াজ-রসুন ছাড়াই বানিয়ে ফেলুন নিরামিষ ফুলকপির ভাপা
‘বাপের রাস্তা’: ঢাকার সড়ক বিশৃঙ্খলার এক ডিজিটাল প্রতিচ্ছবি
‘বাপের রাস্তা’: ঢাকার সড়ক বিশৃঙ্খলার এক ডিজিটাল প্রতিচ্ছবি
প্রতিদ্বন্দ্বী নাকি সহকর্মী, একসঙ্গে কয়টি সিনেমা করেছেন মৌসুমী-শাবনূর
প্রতিদ্বন্দ্বী নাকি সহকর্মী, একসঙ্গে কয়টি সিনেমা করেছেন মৌসুমী-শাবনূর
সর্বাধিক পঠিত
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
আত্মসমর্পণ করতে আদালতে পরীমণি, ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা
আত্মসমর্পণ করতে আদালতে পরীমণি, ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিচ্ছেন গাজীপুরের গার্মেন্টস শ্রমিকরা
শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিচ্ছেন গাজীপুরের গার্মেন্টস শ্রমিকরা