নিউজিল্যান্ড ট্যুরে ঢাকার সাফ থেকে খেলোয়াড় নিচ্ছে ভারত!

ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ চলার মধ্যেই নিউজিল্যান্ড সফরের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। শুক্রবার (৬ নভেম্বর) দুই ম্যাচের প্রীতি সিরিজের জন্য দল ঘোষণা করেন ভারতের প্রধান কোচ খালিদ জামিল। ঘোষিত দলে জায়গা হয়নি অভিজ্ঞ গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুর।

আগামী ১২ ও ১৫ নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ভারত। প্রথম ম্যাচটি হবে অকল্যান্ডে, দ্বিতীয়টি ক্রাইস্টচার্চে।

ঘোষিত দলে সাফ চ্যাম্পিয়নশিপে খেলা তিন ফুটবলার বিজয় ভার্গিস, মুহাম্মদ সুহাইল ও লিস্টন কোলাসোকে রাখা হয়েছে। ফলে ঢাকায় চলমান সাফে আর খেলা হচ্ছে না তাদের। তারা খালিদ জামিলের অধীনে নিউজিল্যান্ড সফরে যোগ দেবেন।

অপরদিকে সাফের দল থেকে ফারুখ চৌধুরী, নওফল পিএন ও হিমথানমাউইয়া রালতেকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা ক্লাব মুম্বাই সিটি এফসিতে ফিরে যাবেন। চোটের কারণে রনি খারবুদনও নিউজিল্যান্ড সফরে যেতে পারছেন না।

৭ নভেম্বর বেঙ্গালুরুতে একত্রিত হবে ভারতীয় দল। পরদিন অনুশীলন শেষে রাতেই নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হওয়ার কথা তাদের।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটি নিয়ে আশাবাদী কোচ খালিদ জামিল। তিনি বলেছেন, ‘নিউজিল্যান্ডও বিশ্বকাপে খেলা একটি দল। তারা শক্তিশালী প্রতিপক্ষ। দেশের বাইরে এই দুটি ম্যাচ আমাদের জন্য ভালো পরীক্ষা হবে। আমরা ভালো প্রস্তুতি নিতে চাই, শৃঙ্খলাপূর্ণ ফুটবল খেলতে চাই এবং দল হিসেবে নিজেদের উন্নতির সুযোগ কাজে লাগাতে চাই।’

ভারতের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে। সেই সময়ে পানামার সঙ্গে ১-১ গোলে ড্র করলেও ব্রাজিলের কাছে ৪-০ এবং উরুগুয়ের কাছে ৬-১ গোলে হেরেছিল তারা। 

ফিফা র‍্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডের অবস্থান ৮৮তম, ভারত ১৩৮তম।