কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে মিশ্র অভিজ্ঞতা বাংলাদেশের। ভারতের আহমেদাবাদে পুরুষ দল কেনিয়ার কাছে মাত্র ১ পয়েন্টে হেরেছে। অন্যদিকে, নারী দল স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে পেয়েছে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয়।
বীর সাভারকর স্পোর্টস কমপ্লেক্সে পুরুষদের বিভাগে কেনিয়ার কাছে ৩২-৩১ পয়েন্টে হেরেছে বাংলাদেশ। সম্প্রতি জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে হতাশাজনক পারফরম্যান্সের পর এই হার দলের জন্য আরেকটি ধাক্কা। টুর্নামেন্টে অবশ্য দারুণ শুরু করেছিল বাংলাদেশ।
শনিবার নিজেদের প্রথম ম্যাচে কানাডাকে ৬৭-২৮ পয়েন্টে উড়িয়ে দেয় তারা। কিন্তু কেনিয়ার বিপক্ষে সেই ছন্দ ধরে রাখতে পারেনি। অথচ ঢাকায় বঙ্গবন্ধু কাপে এই কেনিয়াকেই দুইবার হারিয়েছিল বাংলাদেশ। এই হারের পর ছয় দলের প্রতিযোগিতায় পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেছে বাংলাদেশ। শীর্ষে রয়েছে কেনিয়া।
পুরুষ দল হারলেও নারী বিভাগে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। স্কটল্যান্ডকে ৭৫-১৫ পয়েন্টে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয়ের দেখা পেয়েছে মেয়েরা।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে কেনিয়ার কাছে ৩৪-২৫ পয়েন্টে হেরেছিল বাংলাদেশ নারী দল। এবার তাদের প্রতিপক্ষ যৌথভাবে শীর্ষে থাকা শ্রীলঙ্কা। আজ গুরুত্বপূর্ণ ম্যাচটিতে মুখোমুখি হবে তারা।
পাঁচ দলের পয়েন্ট তালিকায় বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচেই জয় পাওয়া কেনিয়া ও শ্রীলঙ্কা রয়েছে শীর্ষে।