রিয়ালে জায়গা হারানোর পর ছেলেদের নিয়ে অন্য ক্লাবে ক্যাসিয়াস

রিয়াল মাদ্রিদের কিংবদন্তি গোলরক্ষক ইকার ক্যাসিয়াস বড় সিদ্ধান্ত নিয়েছেন। ক্ষুব্ধ হয়ে নিজের দুই ছেলে মার্টিন ও লুকাসকে ক্লাবটির একাডেমি থেকে সরিয়ে নিয়েছেন স্পেনের সাবেক এই গোলরক্ষক। দুই বছর ধরে রিয়ালের একাডেমিতে ছিল ক্যাসিয়াসের দুই পুত্র। এবার তাদের নতুন ঠিকানা হতে যাচ্ছে লেগানেস।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর খবর অনুযায়ী, বড় ছেলে মার্টিন দল থেকে নিজের গুরুত্বপূর্ণ জায়গা হারানোর পরই এমন সিদ্ধান্ত নেন ক্যাসিয়াস। ‘ফিউচার্স’ টুর্নামেন্টে অংশ নিতে অরল্যান্ডো যাওয়া দলেও জায়গা হয়নি দুই ভাইয়ের। এই ঘটনা ক্যাসিয়াসকে চরম সিদ্ধান্ত নিতে প্রভাবিত করে। তার সিদ্ধান্তের বিষয়টি ইতোমধ্যে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

‘মার্কা’ জানিয়েছে, ১২ বছর বয়সী মার্টিন ও ১০ বছর বয়সী লুকাস রিয়াল ছেড়ে লেগানেসে যোগ দেবে। নিজেদের উন্নতির জন্যই এমন সিদ্ধান্ত। 

বাবার মতো দুজনই গোলরক্ষক। রিয়ালে যোগ দেওয়ার আগে পোজুয়েলোতে ফুটবল শুরু করেছিল তারা। এরপর দুই বছর রিয়ালের একাডেমিতে কাটিয়েছে।

অনূর্ধ্ব-১২ বিশ্ব চ্যাম্পিয়নশিপে নজর কেড়েছিল মার্টিন। অন্যদিকে বার্সেলোনার বিপক্ষে কয়েকটি পেনাল্টি ঠেকিয়ে আলোচনায় এসেছিল ছোট ভাই লুকাস। এবার দুই ভাইয়ের ফুটবল-যাত্রার নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে লেগানেসে।