ইউরোপের ফুটবলে কিশোর প্রতিভা হিসেবে আলোচনায় থাকা জেজে গ্যাব্রিয়েলকে দলে ভেড়ানোর খুব কাছাকাছি পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ। ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমি ছেড়ে স্প্যানিশ ক্লাবটিতে যোগ দিতে যাচ্ছেন ১৬ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ড। ‘কিড মেসি’ নামে পরিচিত গ্যাব্রিয়েলের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।
গ্যাব্রিয়েলকে পেতে আগ্রহ দেখিয়েছিল ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাব। তালিকায় ছিল বার্সেলোনা, পিএসজি, বায়ার্ন মিউনিখ, চেলসি ও ম্যানচেস্টার সিটি। তবে শেষ পর্যন্ত অন্যদের পেছনে ফেলে তাকে দলে টানতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ।
গত ৬ অক্টোবর ১৬ বছরে পা দিয়েছেন গ্যাব্রিয়েল। এরপরই প্রথম পেশাদার চুক্তির সুযোগ তৈরি হয় তার সামনে। ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে নিজের ভবিষ্যৎ নিয়ে অসন্তুষ্টি এবং মূল দলে খেলার সুযোগ না পাওয়ার হতাশা থেকেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। গত সেপ্টেম্বরে ইউনাইটেড ছাড়ার অনুরোধ জানান এই তরুণ।
গত মৌসুমে ইউনাইটেডের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে প্রিমিয়ার লিগে ২৩ ম্যাচে ২৩ গোল করেছিলেন গ্যাব্রিয়েল। বয়সের তুলনায় উঁচু পর্যায়ে খেলেও এমন পারফরম্যান্স তাকে ইউরোপের অন্যতম সম্ভাবনাময় তরুণ ফুটবলার হিসেবে পরিচিতি এনে দেয়। যুব দলের হয়ে উয়েফা ইয়ুথ লিগে অভিষেকেই হ্যাটট্রিক করেছিলেন তিনি।
রিয়াল মাদ্রিদের পরিকল্পনা, শুরুতে গ্যাব্রিয়েলকে খেলানো হবে ক্লাবটির দ্বিতীয় দল কাস্তিয়ায়। সেখান থেকে ধীরে ধীরে মূল দলে জায়গা করে নেওয়ার সুযোগ তৈরি হবে তার সামনে।
তবে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কিছু বিষয় এখনও বাকি। বিশেষ করে অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড়ের আন্তর্জাতিক দলবদল নিয়ে ফিফার নিয়মকানুন মেনে চলতে হবে। ইউরোপীয় ইউনিয়নের পাসপোর্ট থাকলে ১৬ বছর বয়সী খেলোয়াড়দের জন্য বিশেষ নিয়মে দলবদলের সুযোগ রয়েছে। গ্যাব্রিয়েলের পারিবারিক সূত্রে এমন পাসপোর্ট পাওয়ার সম্ভাবনা থাকলেও ফিফার অনুমোদন প্রয়োজন হতে পারে।
এদিকে ইউনাইটেডও বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তাদের সঙ্গে আনুষ্ঠানিক দলবদল আলোচনা এখনও সম্পন্ন হয়নি বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। গ্যাব্রিয়েল অন্য ক্লাবে যোগ দিলে প্রশিক্ষণ ও উন্নয়নের জন্য ক্ষতিপূরণ পাবে ইংলিশ ক্লাবটি।
সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারির দলবদলেই রিয়াল মাদ্রিদের সাদা জার্সিতে দেখা যেতে পারে ‘কিড মেসি’কে।