আনচেলত্তির কাছে যে অনুরোধ মরিনহোর

রিয়াল মাদ্রিদে খুব একটা সুযোগ পাচ্ছেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্দ্রিক। তাই আসন্ন আন্তর্জাতিক বিরতিতে তাকে খেলানোর জন্য ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির প্রতি সরাসরি বার্তা দিয়েছেন হোসে মরিনহো। 

ভ্যালেন্সিয়ার মাঠে মেস্তায়া স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদের ৩-০ গোলের জয়ের পর এন্দ্রিককে নিয়ে কথা বলেন মরিনহো। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’-এর প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলের কোচ আনচেলত্তির উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়েছেন পর্তুগিজ এই কোচ।

মরিনহো বলেন, ‘এ বিষয়ে আমার অবস্থান পরিষ্কার। আমি চাই এন্দ্রিক খেলুক। আসন্ন আন্তর্জাতিক বিরতিতে আনচেলত্তি যদি তাকে খেলান, তাহলে আমি খুশি হব।’

রিয়ালে এন্দ্রিকের খেলার সীমিত সুযোগের কথা বিবেচনা করলে মরিনহোর এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। মাদ্রিদে যে এখনো সুযোগ পাননি তরুণ এই ফরোয়ার্ড, জাতীয় দলের হয়ে সেটি পাওয়ার পথ তৈরি করে দিতে চান কোচ।

পরিসংখ্যানেও স্পষ্ট এন্দ্রিকের বর্তমান অবস্থান। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে মাত্র ১৪১ মিনিট খেলেছেন তিনি। এর মধ্যে লা লিগায় ৮৫ এবং চ্যাম্পিয়নস লিগে ৫৬ মিনিট। সাত ম্যাচে তার গোল একটি, অ্যাসিস্টও একটি। সাতটি ম্যাচের মধ্যে মাত্র একবার শুরুর একাদশে ছিলেন তিনি।

ফ্রান্সে ধারে খেলে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার পর রিয়ালে ফিরেছিলেন এন্দ্রিক। গত মৌসুমের দ্বিতীয়ার্ধে অলিম্পিক লিওঁর হয়ে দারুণ সময় কাটান তিনি। ২১ ম্যাচে আট গোলের পাশাপাশি আটটি অ্যাসিস্ট করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সেই পারফরম্যান্সের পর বার্নাব্যুতে তার প্রত্যাবর্তন ঘিরে প্রত্যাশাও বেড়েছিল।

ধারণা করা হয়েছিল, মরিনহোর পরিকল্পনায় জায়গা করে নেওয়ার মতো আত্মবিশ্বাস ও সামর্থ্য নিয়েই ফিরবেন এন্দ্রিক। কিন্তু আক্রমণভাগে প্রতিদ্বন্দ্বিতা তার পথ কঠিন করে তুলেছে। কার্লোস এস্পির আগমন এবং ইয়ান দিয়োমান্দেকে দলে নেওয়ায় একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা আরও কমেছে তার।

আক্রমণভাগে মরিনহোর হাতে বিকল্পের অভাব নেই। ফলে নিয়মিত একাদশ তো দূরের কথা, ঘূর্ণায়মান একাদশেও নিজের জায়গা পাকা করতে পারছেন না এন্দ্রিক। ফ্রান্সে তার দেখানো পারফরম্যান্সের সঙ্গে রিয়ালে বর্তমান পরিস্থিতির এই ব্যবধানই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিকে বার্নাব্যুতে এন্দ্রিকের ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তাকে ধারে নিতে খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল রোমা। কিন্তু শেষ মুহূর্তে হস্তক্ষেপ করে সেই প্রস্তাব আটকে দেন মরিনহো। স্কোয়াডে রেখে দেন তরুণ ফরোয়ার্ডকে।

প্রকাশ্যে অবশ্য এন্দ্রিকের সামর্থ্যের ওপর আস্থা দেখিয়েছেন রিয়াল কোচ। এন্দ্রিককে পেতে হলে আগ্রহী ক্লাবগুলোকে তার সঙ্গে লড়াই করতে হবে বলেও জানিয়েছিলেন তিনি।

কিন্তু খেলার সুযোগ না পাওয়ায় এন্দ্রিকের ভবিষ্যৎ নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। আগামী কয়েক সপ্তাহে পরিস্থিতির পরিবর্তন না হলে জানুয়ারির দলবদলে তাকে ধারে পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রোমা এখনো তার ওপর নজর রাখছে। আগ্রহী অন্য ক্লাবের নামও আলোচনায় এসেছে।