১১ বছর পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরলেন রোনালদিনহো

বয়স ৪৬। পেশাদার ফুটবল থেকে অবসরের পর পেরিয়ে গেছে আট বছর। প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি ১১ বছর ধরে। তবু ফুটবলের জাদুকর রোনালদিনহোকে থামিয়ে রাখা গেলো না। দীর্ঘ বিরতি ভেঙে আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি। ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নার হয়ে রবিবার স্থানীয় প্রতিদ্বন্দ্বী ফোরলির বিপক্ষে ডার্বি ম্যাচে মাঠে নামেন তিনি।

১০ নম্বর জার্সি গায়ে রোনালদিনহো খেলেছেন পুরো প্রথমার্ধ। বিরতির সময় স্টাদিও ব্রুনো বেনেল্লির মাঠ প্রদক্ষিণ করেন তিনি। গ্যালারিতে উপস্থিত সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন। দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে অভিবাদন জানান দর্শকেরা।

সিরি সি-র ম্যাচটিতে ফোরলিকে ২-০ গোলে হারিয়েছে রাভেন্না। ম্যাচের ৩৬ মিনিটে জুলিও দোনাতির করা প্রথম গোলটিতে অবদান ছিল রোনালদিনহোর। পরে ৫৮ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন সিমোনে রাব্বি।

ম্যাচ শেষে স্কাই স্পোর্ট ইতালিয়াকে রোনালদিনহো বলেন, ‘এখানে থাকতে পেরে, খেলতে পেরে এবং ড্রেসিংরুমে ম্যাচের আগে প্রস্তুতির সময়টা কাটাতে পেরে খুব ভালো লেগেছে।’ তার সঙ্গে খেলা সতীর্থদের অনেকেই ছোটবেলা থেকে তাকে খেলতে দেখে বড় হয়েছেন। তাদের সঙ্গে মাঠ ভাগাভাগি করেও আনন্দ পেয়েছেন বলে জানান এই ব্রাজিলিয়ান কিংবদন্তি।

সর্বশেষ ২০১৫ সালের সেপ্টেম্বরে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে পেশাদার ফুটবল খেলেছিলেন রোনালদিনহো। ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন তিনি। তবে রাভেন্নার সভাপতি ও তার দীর্ঘদিনের বন্ধু ইগনাজিও সিপ্রিয়ানি জুন মাসে ক্লাবটিতে রোনালদিনহোর যোগ দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে ক্লাবটির মালিকানার অংশীদারত্বও নেন সাবেক এই তারকা।

ব্রাজিলের হয়ে ২০০২ সালে বিশ্বকাপ জিতেছেন রোনালদিনহো। ২০০৫ সালে জিতেছেন ব্যালন ডি'অর। আর বার্সেলোনার হয়ে ২০০৬ সালে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। এসি মিলানের হয়েও খেলেছেন এই কিংবদন্তি ফরোয়ার্ড।